কবিতাই আমার অস্ত্র, কণ্ঠই আমার শক্তিঃ কবি সাহানা সুলতানা

233
ঢাকাঃ দেশের একজন কবি ও বাচিক শিল্পী সাহানা সুলতানার সাথে প্রতিনিধির সাথে একটি সংক্ষিপ্ত কথোপকথন উপস্থাপন করা হলো।
প্রশ্ন: আপনি কবিতা লিখতে শুরু করলেন কেন?
কবি সাহানা সুলতানা: অনুভব থেকেই। শব্দে যদি হৃদয়ের কথা বলা যায়, তা হলে কবিতা হয়। ছোটবেলা থেকেই লিখতাম—প্রথমে ডায়েরির পাতা, পরে কাগজের পাতায়। এখন পাঠকের মনে।
প্রশ্ন: আপনার কবিতার অনুপ্রেরণা কী থেকে আসে?
সাহানা সুলতানা: নারী, প্রেম, প্রতিবাদ, সমাজের বৈষম্য—এই চারটি আমার কবিতার মূল প্রেরণা। জীবন যাপনের প্রতিটি অভিজ্ঞতা, প্রতিটি প্রতিবাদই একেকটি কবিতার জন্ম দেয়।
প্রশ্ন: আপনি তো বাচিক শিল্পেও যুক্ত?
সাহানা সুলতানা: হ্যাঁ, কবিতা শুধু লিখে নয়, উচ্চারণেও প্রাণ পায়। শব্দের সুর, তালে যদি পাঠক বা শ্রোতার মনে নাড়া দিতে না পারে, তবে সেই কবিতা পূর্ণ হয় না বলেই আমি মনে করি।
প্রশ্ন: সাংবাদিক: আপনার সাম্প্রতিক কাব্যগ্রন্থ ‘বিলম্বিত প্রহরে’ নামটি খুবই ব্যতিক্রম। এর পেছনে ভাবনা কী?
সাহানা সুলতানা: এই নামটার ভেতরেই সময়ের অপেক্ষা, না বলা কথা, প্রাপ্তি আর প্রলম্বিত যন্ত্রণা লুকিয়ে আছে। এ যেন এক আত্মার দীর্ঘশ্বাস যা বহুদিন পর প্রকাশ পেয়েছে।
প্রশ্ন: আপনার আগামী দিনের স্বপ্ন?
সাহানা সুলতানা: কবিতা দিয়ে মানুষের মনে আলো ছড়াতে চাই। নারী ও মানবিকতা নিয়ে আরও গভীরভাবে কাজ করতে চাই। কবিতাই আমার অস্ত্র, কণ্ঠই আমার শক্তি।