প্রধান বিচারপতির সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্যদের বসার স্থান ও অন্যান্য সমস্যা সমাধানের আশ্বাস

13

 

ঢাকা: বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি বিচারপতি জুবা‍য়ের রহমান চৌধুরী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বিজ্ঞ সদস্যদের পেশা পরিচালনার স্বার্থে বসার স্থানসহ বিদ্যমান বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন।
আজ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আলীর নেতৃত্বে সমিতির কার্যনির্বাহী কমিটির একটি প্রতিনিধিদল মাননীয় প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় প্রতিনিধিদল সমিতির সদস্যদের বিভিন্ন সমস্যা তুলে ধরে সেগুলোর কার্যকর সমাধানে তাঁর সহযোগিতা কামনা করেন।
সাক্ষাৎকালে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি বিচারপতি মোঃ রেজাউল হক, বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল জনাব আরশাদুর রউফ ও ব্যারিস্টার অনিকা আর হক, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল হাবিবুর রহমান সিদ্দিকী, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির দু’জন সহ-সভাপতি, দু’জন সহ-সম্পাদকসহ অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
‘ভবন-২০২০’ প্রকল্প পুনরায় চালুর উদ্যোগ
সাক্ষাৎকালে সমিতির সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আলী আইনজীবীদের বসার স্থানের তীব্র সংকটের বিষয়টি মাননীয় প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন। তিনি জানান, আইনজীবীদের এই সংকট নিরসনে ২০২০ সালে ‘ভবন-২০২০’ নামে একটি ভবন নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল এবং প্রকল্পটির কাজও শুরু হয়েছিল। এ সময় অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ‘ভবন-২০২০’ প্রকল্পের পটভূমি মাননীয় প্রধান বিচারপতিকে অবহিত করেন। তিনি জানান, তৎকালীন প্রধান বিচারপতির অনুমতিক্রমেই প্রকল্পটি গ্রহণ করা হয়েছিল, যখন তিনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পরবর্তীকালে রাজনৈতিক কারণে প্রকল্পটি আর বাস্তবায়িত হয়নি বলে তিনি উল্লেখ করেন।
প্রকল্পটি পুনরায় চালুর বিষয়ে মাননীয় প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বিষয়টি দ্রুত সমাধানের আশ্বাস দেন এবং ভবন নির্মাণসংক্রান্ত যাবতীয় নকশা ও প্রয়োজনীয় কাগজপত্র তাঁর কাছে সরবরাহের নির্দেশ দেন।
অ্যাডভোকেট লাউঞ্জ সম্প্রসারণ ও অবকাঠামো সংস্কারের উদ্যোগ
সমিতির সম্পাদক আদালত প্রাঙ্গণে অ্যাডভোকেট লাউঞ্জ সম্প্রসারণের প্রস্তাব উত্থাপন করেন। মাননীয় প্রধান বিচারপতি এ বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেন।
এ ছাড়া সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণের চলাচলের রাস্তা, করিডোর ও ড্রেনের ভঙ্গুর অবস্থা তুলে ধরা হলে মাননীয় প্রধান বিচারপতি এসব অবকাঠামো দ্রুত সংস্কারের নির্দেশনা প্রদান করেন।
আইনজীবীদের নামাজের স্থানসংক্রান্ত সমস্যার বিষয়েও আলোচনা হয়। এ প্রসঙ্গে মাননীয় প্রধান বিচারপতি অভিমত ব্যক্ত করেন যে, ‘ভবন-২০২০’ প্রকল্প বাস্তবায়িত হলে আইনজীবীদের বসার স্থানসহ আরও অনেক সমস্যার সমাধান সম্ভব হবে।
আইনজীবীদের দীর্ঘমেয়াদি সুযোগ-সুবিধা নিশ্চিত করার আহ্বান
মাননীয় প্রধান বিচারপতি ভবিষ্যৎ প্রজন্মের আইনজীবীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং সুপ্রিম কোর্ট প্রাঙ্গণের অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে এখন থেকেই দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান। তিনি সমিতির অভিজ্ঞ সদস্যদের বিভিন্ন সমস্যা সমাধানে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের বিষয়েও নেতৃবৃন্দকে আশ্বস্ত করেন।
অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ও মর্যাদাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় আগামীকাল, ২৫ অক্টোবর ২০২৬, রবিবার দীর্ঘ অবকাশ শেষে সুপ্রিম কোর্টের নিয়মিত বিচারিক কার্যক্রম পুনরায় শুরু উপলক্ষে বিচারপতি ও আইনজীবীদের মধ্যে অনুষ্ঠিতব্য সৌজন্য মিলনমেলা সফল করার বিষয়েও আলোচনা হয়।
মাননীয় প্রধান বিচারপতি আইন পেশার ভাবগাম্ভীর্য, মর্যাদা ও সৌন্দর্য অক্ষুণ্ণ রেখে বিচারক ও আইনজীবীদের মধ্যকার সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।
সাক্ষাৎটি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্যদের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা সমাধান, আইনজীবীদের জন্য উন্নত কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং সুপ্রিম কোর্ট প্রাঙ্গণের অবকাঠামোগত উন্নয়নে নতুন আশার সঞ্চার করেছে।