সর্বপ্রথম অগ্রাধিকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ তথা স্বাভাবিক রাখা- স্বরাষ্ট্র উপদেষ্টা

173

ঢাকা : স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আমার প্রথম অগ্রাধিকার হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ তথা স্বাভাবিক রাখা। আর কৃষি মন্ত্রণালয়ে প্রথম অগ্রাধিকার হচ্ছে কৃষি উৎপাদন বাড়িয়ে বিপুল জনগোষ্ঠীর এ দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা।

উপদেষ্টা আজ রাজধানীর বাংলাদেশ সচিবালয়ে নিজ দপ্তরে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস (Gwyn Lewis) এর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

 

 

 

বৈঠকের বিষয়ে উপদেষ্টা বলেন, বিদ্যমান পরিস্থিতিতে জাতিসংঘ কি ধরনের সাহায্য ও সহযোগিতা করতে পারে এবং সরকার কোন কোন সেক্টরে সহযোগিতা চাচ্ছে- সে বিষয়ে প্রধানত কথা হয়েছে। তিনি বলেন, জাতিসংঘ থেকে ‘ফ্যাক্ট ফাইন্ডিং মিশন’ পাঠানোর সময় তাঁরা আমাদের থেকে কি ধরনের সাহায্য পাবে ও তাঁরা আমাদেরকে কিভাবে সাহায্য করতে পারে- সেসব বিষয়ে আলোচনা হয়েছে।

লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেন, রোহিঙ্গাদের জনসংখ্যা ক্রমাগত বাড়ছে। ফলে আমাদের দেশের ওপর চাপ সৃষ্টি হয়েছে। উপদেষ্টা বলেন, জাতিসংঘ এ বিষয়ে আমাদের সাহায্য করে যাচ্ছে। তারা যেন ভবিষ্যতে আরো সহযোগিতা বৃদ্ধি করে- সে বিষয়েও কথা হয়েছে।

বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ড. মোহাম্মদ আব্দুল মোমেন, সুরক্ষা ও সেবা বিভাগের সিনিয়র সচিব মোঃ মশিউর রহমান এনডিসি, জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর দপ্তরের সিনিয়র মানবাধিকার উপদেষ্টা হুমা খানসহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

রাজারবাগ পুলিশ স্মৃতিস্তম্ভে স্বরাষ্ট্র উপদেষ্টার শ্রদ্ধা

 

এর আগে আজ সকালে অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসের পুলিশ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধের শহিদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।

পরে স্বরাষ্ট্র উপদেষ্টা সাম্প্রতিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত পুলিশ সদস্যদের দেখতে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে যান। তিনি আহত পুলিশ সদস্যদের সাথে কথা বলেন এবং তাদের চিকিৎসার খোঁজখবর নেন। আহত পুলিশ সদস্যদের উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করতে তিনি সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

এ সময় বাংলাদেশ পুলিশের আইজিপি মোঃ ময়নুল ইসলাম এনডিসি, র‍্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান পিপিএম, এনডিসি, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মাইনুল হাসান পিপিএম, এনডিসিসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।