টঙ্গী স্টেশন রোডে ভিআইপি বাসের ধাক্কায় আহত ৫, একজনের অবস্থা আশঙ্কাজনক

47
টঙ্গী প্রতিনিধি:
গাজীপুরের টঙ্গী স্টেশন রোডে সন্ধ্যায় ভিআইপি পরিবহনের একটি বাসের ধাক্কায় পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, সন্ধ্যায় বাসটি টঙ্গী স্টেশন রোড দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা যাত্রীদের ওপর উঠে যায়। এতে পাঁচজন পথচারী ও অপেক্ষমাণ যাত্রী আহত হন।
দুর্ঘটনার সময় বাসের যাত্রীরা চিৎকার করে গাড়ি থামানোর জন্য বললে চালক বাসটি থামান। পরে যাত্রীরা নেমে আহতদের উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য নিকটবর্তী টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে যান।
প্রত্যক্ষদর্শীরা আরও জানান, বাস থামানোর পরপরই চালক জানালা দিয়ে লাফিয়ে পালিয়ে যান। একই সময়ে বাসের হেলপারও গাড়ি থেকে নেমে দৌড়ে পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাসটি জব্দ করেছে। তবে এ ঘটনায় চালক ও হেলপারকে এখনো আটক করা সম্ভব হয়নি।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও ওই বাসের যাত্রী মাহফুজা ইসলাম জানান, “দুর্ঘটনার সময় আমি ওই বাসের যাত্রী ছিলাম এবং পুরো ঘটনাটি নিজের চোখে দেখেছি” বাসটি টিআইসির সামনে থেকেই নিয়ন্ত্রণ হারাতে শুরু করে। একপর্যায়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে অপেক্ষমাণ যাত্রীদের ওপর বাসটি তুলে দেন। মুহূর্তেই ঘটনাস্থলে আতঙ্ক ও বিশৃঙ্খলার সৃষ্টি হয়।”
স্থানীয়দের মতে, টঙ্গী স্টেশন রোড ও সংলগ্ন ফ্লাইওভারে প্রায়ই এমন দুর্ঘটনা ঘটছে, যা জননিরাপত্তার জন্য চরম উদ্বেগজনক। এসব দুর্ঘটনা রোধে ওই এলাকায় যানবাহনের গতিসীমা কঠোরভাবে নিয়ন্ত্রণ, ট্রাফিক পুলিশের নজরদারি বৃদ্ধি এবং সিসিটিভি ক্যামেরা স্থাপন করা জরুরি। পাশাপাশি বেপরোয়া চালকদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।