বনানী মার্কেট ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির পরিচিতি সভা ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

57
ঢাকা: বনানী মার্কেট ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির পরিচিতি সভা ও বার্ষিক সাধারণ সভায় নবনির্বাচিত কমিটিকে ফুলেল শুভেচ্ছায় বরণ, ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার। রাজধানীর বনানীতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ডিএনসিসি বনানী মার্কেট ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ-এর নবনির্বাচিত কার্যকরী কমিটির পরিচিতি সভা ও বার্ষিক সাধারণ সভা।
গতকাল বনানীর তিন তারকা হোটেল ওমিনি রেসিডেন্সিতে সমবায় অধিদপ্তরের নিবন্ধিত এ সমিতির উদ্যোগে সভাটি অনুষ্ঠিত হয়। সম্প্রতি নির্বাচনের মাধ্যমে নতুন কার্যকরী কমিটি গঠনের পর সমিতির কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।
সভায় নবনির্বাচিত কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম, সহ-সভাপতি ওসমান গণী খোকন, সাধারণ সম্পাদক কে এম নজরুল ইসলাম রেজা, যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল আহমেদ তালুকদার রাজা এবং অর্থ সম্পাদক মোঃ নাজিম ইসলাম উপস্থিত ছিলেন।
এছাড়াও কার্যকরী সদস্য হিসেবে উপস্থিত ছিলেন রবিউল ইসলাম খোকন, ফারুক হোসেন, আব্দুল হান্নান, খলিলুর রহমান, স্বপন মিয়া, করিম মিয়া ও আব্দুল মান্নান।
সভায় নবনির্বাচিত কার্যকরী কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দনের মাধ্যমে বরণ করে নেন উপস্থিত ব্যবসায়ীরা। এ সময় ব্যবসায়ীদের মধ্যে আনন্দ, উৎসাহ ও পারস্পরিক সম্প্রীতির পরিবেশ সৃষ্টি হয়।
নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ তাঁদের বক্তব্যে বলেন, মার্কেটের ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ, সমিতির সার্বিক উন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক ঐক্য ও সহযোগিতা বজায় রাখাই হবে তাঁদের মূল লক্ষ্য। তাঁরা সকল সদস্যের মতামত ও সহযোগিতার ভিত্তিতে সমিতি পরিচালনার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
সভায় বক্তারা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে সমিতির কার্যক্রম আরও গতিশীল হবে এবং বনানী মার্কেটের ব্যবসায়ীদের ন্যায্য স্বার্থ রক্ষা ও সার্বিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে নবনির্বাচিত কমিটি। সভা শেষে সমিতির উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করা হয়।