ফ্রান্স থেকে বিশেষ প্রতিনিধি মো: দুলাল মিয়া:
প্যারিসে ‘ভোরের চেতনা’র ২৮ বছরে পদার্পণ উদ্যাপন; প্যারিস-ঢাকা সরাসরি ফ্লাইট, দূতাবাসের সেবা উন্নয়ন ও সাঁ-দেনিতে শহীদ মিনারের দাবি। প্রবাসীদের অধিকার, সমস্যা ও প্রত্যাশা সরকারের কাছে পৌঁছে দিতে সাংবাদিকদের আরও দায়িত্বশীল ও সোচ্চার ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন বক্তারা। জাতীয় দৈনিক ‘ভোরের চেতনা’র ২৮ বছরে পদার্পণ উপলক্ষে প্যারিসের লিগ্যাল এইড হলরুমে আয়োজিত অনুষ্ঠানে তাঁরা এ আহ্বান জানান।
বক্তারা বলেন, বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসীদের অবদান গুরুত্বপূর্ণ হলেও বিদেশের মাটিতে তাঁদের সমস্যা ও নাগরিক অধিকার যথাযথ গুরুত্ব পায় না। এসব বিষয় সংবাদমাধ্যমে বস্তুনিষ্ঠভাবে তুলে ধরতে হবে।
একই সঙ্গে প্যারিস-ঢাকা সরাসরি ফ্লাইট চালু এবং দূতাবাসের সেবার মান উন্নয়নের দাবি সরকারের কাছে পৌঁছে দেওয়ার ওপর জোর দেন তাঁরা।
কেক কাটা, শুভেচ্ছা বিনিময় ও আলোচনা সভার মধ্য দিয়ে অনুষ্ঠানটি প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলায় পরিণত হয়।
ফ্রান্সের কমিউনিটি নেতা সালেহ আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশনের (আয়েবা) সভাপতি ও ফ্রান্স বাংলাদেশ ইকোনমিক চেম্বারের প্রতিষ্ঠাতা কাজী এনায়েত উল্লাহ। বিশেষ অতিথি ছিলেন গার্জ-লে-গোনেসের কাউন্সিলর তানিয়া তুনু ও সাঁ-দেনির কাউন্সিলর নাহিদুল মোহাম্মদ। অনুষ্ঠান পরিচালনা করেন ফ্রিল্যান্স সাংবাদিক এএমসি রোমেল। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ফটোসাংবাদিক ফরিদ আহমদ রনি। আয়োজনের উদ্যোগ নেন ‘ভোরের চেতনা’র ফ্রান্স প্রতিনিধি মোহাম্মদ জুনেদ আহমদ।

দূতাবাসের সেবা জনবান্ধব করার দাবি
আলোচনায় বক্তারা বলেন, পাসপোর্ট, কনস্যুলার সেবা ও প্রয়োজনীয় কাগজপত্রসহ নানা ক্ষেত্রে প্রবাসীদের প্রশাসনিক জটিলতায় পড়তে হয়। বিদেশে দূতাবাসই প্রবাসীদের প্রথম ভরসা, তাই এর কার্যক্রম আরও সহজ, গতিশীল ও জনবান্ধব হওয়া জরুরি।
তাঁদের মতে, এসব সমস্যা শুধু কমিউনিটির সভা-সমাবেশে আলোচনায় সীমাবদ্ধ থাকলে চলবে না। অনুসন্ধানী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে তা নীতিনির্ধারকদের নজরে আনতে হবে। কোথাও অনিয়ম বা সেবার ঘাটতি থাকলে তথ্য-প্রমাণের ভিত্তিতে তা প্রকাশ করার কথাও বলেন তাঁরা।

নারীদের অংশগ্রহণে জোর তানিয়া তুনুর
কাউন্সিলর তানিয়া তুনু কমিউনিটির সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নারীদের আরও বেশি সম্পৃক্ত করার আহ্বান জানান। তিনি বলেন, নারীদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া কমিউনিটির সামগ্রিক অগ্রগতি সম্ভব নয়।
দূতাবাসের সেবা প্রসঙ্গে তিনি ফ্রান্সের স্থানীয় প্রশাসনের উদাহরণ দেন। তাঁর ভাষ্য, ফ্রান্সে নাগরিকেরা স্থানীয় মেরি (সিটি হল) থেকে বিভিন্ন সেবা ও সহযোগিতা পান। প্রবাসী বাংলাদেশিদের জন্যও সরকারের অনুরূপ কার্যকর উদ্যোগ প্রয়োজন।
সাঁ-দেনিতে শহীদ মিনার নির্মাণের উদ্যোগ
কাউন্সিলর নাহিদুল মোহাম্মদ প্রবাসীদের স্বার্থরক্ষায় কাজ করার আগ্রহ প্রকাশ করেন। বর্তমানে ফরাসি পার্লামেন্ট সদস্যদের সহকারী হিসেবে কাজ করার অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, প্রবাসী সাংবাদিকদের সহযোগিতা পেলে কমিউনিটির কল্যাণে আরও কার্যকর ভূমিকা রাখা সম্ভব।
এ সময় তিনি সাঁ-দেনিতে একটি শহীদ মিনার নির্মাণের উদ্যোগের কথা জানান। বাংলা ভাষা, ভাষাশহীদদের আত্মত্যাগ এবং বাংলাদেশের ইতিহাস-ঐতিহ্যের স্মারক হিসেবে এটি প্রতিষ্ঠার ইচ্ছা প্রকাশ করে তিনি এ ক্ষেত্রে কমিউনিটি ও সাংবাদিকদের সহযোগিতা চান। প্রবাসীদের ভালো কাজ ও অর্জন গণমাধ্যমে প্রকাশিত হলে তা অন্যদের উৎসাহিত করবে বলেও মত দেন তিনি।

প্যারিস-ঢাকা সরাসরি ফ্লাইটের জোরালো দাবি
অনুষ্ঠানে দীর্ঘদিনের প্রবাসী দাবি প্যারিস-ঢাকা সরাসরি ফ্লাইট চালুর বিষয়টি বিশেষ গুরুত্ব পায়। প্রবাসীরা জানান, ফ্রান্সে বিপুলসংখ্যক বাংলাদেশির বসবাস, পাশাপাশি ইউরোপের অন্যান্য দেশ থেকেও অনেকে নিয়মিত যাতায়াত করেন। সরাসরি ফ্লাইট না থাকায় তৃতীয় কোনো দেশে ট্রানজিট নিতে হয়, ফলে বাড়তি সময় ও অর্থ ব্যয় হয়। শিশু, বয়স্ক ও অসুস্থ যাত্রীদের ভোগান্তি হয় আরও বেশি।
তাঁদের মতে, সরাসরি ফ্লাইট চালু হলে যাতায়াতের পাশাপাশি দুই দেশের ব্যবসা-বাণিজ্য ও পর্যটনেও ইতিবাচক প্রভাব পড়বে। এ দাবি জাতীয় পর্যায়ে তুলে ধরতে সংবাদমাধ্যমে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশের মাধ্যমে জনমত গড়ে তোলার আহ্বান জানান বক্তারা।

টেলিফোনে যুক্ত হয়ে সম্পাদকের আশ্বাস
অনুষ্ঠানে টেলিফোনে যুক্ত হন ‘ভোরের চেতনা’র সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ শফিকুল ইসলাম। প্রবাসীদের সমস্যা, দাবি ও প্যারিস-ঢাকা সরাসরি ফ্লাইটের বিষয়টি তাঁকে অবহিত করা হলে তিনি জানান, বিশ্বের যেকোনো দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের স্বার্থসংশ্লিষ্ট বিষয় পত্রিকাটি গুরুত্বের সঙ্গে প্রকাশ করবে এবং এসব দাবি সরকারের নজরে আনতে ভূমিকা রাখবে। সম্পাদকের এ আশ্বাসে উপস্থিত প্রবাসীরা সন্তোষ প্রকাশ করেন।
‘সত্যের প্রশ্নে কলম থেমে থাকা উচিত নয়’
প্রধান অতিথির বক্তব্যে কাজী এনায়েত উল্লাহ বলেন, গণমাধ্যমের কাজ শুধু সংবাদ প্রকাশ নয়, সমাজের বাস্তব চিত্র তুলে ধরা। “যেখানে অসংগতি থাকবে, সেখানে বস্তুনিষ্ঠভাবে তা প্রকাশ করতে হবে। সত্য ও জনস্বার্থের প্রশ্নে সাংবাদিকদের কলম থেমে থাকা উচিত নয়,” বলেন তিনি।
দূতাবাসের কার্যক্রম আরও প্রবাসীবান্ধব করার তাগিদ দিয়ে তিনি বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও আন্তরিক হতে হবে। কমিউনিটির ঐক্যের ওপর জোর দিয়ে তিনি বলেন, রাজনৈতিক, সামাজিক ও সাংগঠনিক বিভাজনের ঊর্ধ্বে উঠে প্রবাসীদের অধিকার ও মর্যাদার প্রশ্নে সম্মিলিত উদ্যোগ নিতে হবে। স্থানীয় জনপ্রতিনিধি, কমিউনিটি নেতা, সাংবাদিক ও সামাজিক সংগঠনগুলোর মধ্যে সমন্বয় থাকলে সমস্যা সমাধান সহজ হবে বলেও মত দেন তিনি।
বিএনপি নেতা ইকবাল হোসেন আলী বলেন, সাংবাদিকেরা সমাজের দর্পণ; প্রবাসীদের ন্যায্য দাবি প্রতিষ্ঠায় তাঁদের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত জরুরি। প্রবাসীদের স্বার্থে দলমত-নির্বিশেষে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে, আর সাংবাদিকদেরও নিরপেক্ষ অবস্থান থেকে মানুষের কথা তুলে ধরতে হবে বলে তিনি মন্তব্য করেন।
ব্যবসায়ী সাব্বির বলেন, অধিকার আদায়ে প্রবাসীদের নিজেদেরও সোচ্চার হতে হবে, পাশাপাশি দাবিগুলো তুলে ধরার দায়িত্ব সাংবাদিকদের। বিশিষ্ট ব্যবসায়ী বাছিত হোসাইন বলেন, সাংবাদিকেরা বস্তুনিষ্ঠভাবে বাস্তব সমস্যা তুলে ধরলে প্রবাসীরা উপকৃত হবেন এবং নাগরিক অধিকার প্রতিষ্ঠায় গণমাধ্যম কার্যকর ভূমিকা রাখতে পারবে।
বিভ্রান্তিকর শিরোনাম নয়, চাই বস্তুনিষ্ঠ সংবাদ
অনুষ্ঠানে উপস্থিত কয়েকজন সাধারণ প্রবাসী বাংলাদেশের সংবাদমাধ্যমের শিরোনাম নিয়ে আক্ষেপ প্রকাশ করেন। তাঁদের অভিযোগ, অনেক সময় শিরোনামে যে প্রত্যাশা তৈরি হয়, মূল সংবাদে তার মিল পাওয়া যায় না। পাঠকসংখ্যা বাড়ানোর উদ্দেশ্যে বিভ্রান্তিকর শিরোনাম ব্যবহার না করে তথ্য যাচাই করে নির্ভুল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানান তাঁরা। তাঁদের মতে, নির্ভুল তথ্য ও দায়িত্বশীল সাংবাদিকতাই সংবাদমাধ্যমের প্রতি মানুষের আস্থা তৈরি করে।
সত্য ও বস্তুনিষ্ঠতার অঙ্গীকার
বক্তারা আশা প্রকাশ করেন, ২৭ বছরের পথচলা শেষে ২৮ বছরে পা রাখা ‘ভোরের চেতনা’ আগামী দিনেও সত্য, ন্যায় ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার আদর্শে এগিয়ে যাবে। বিশেষ করে ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসীদের সমস্যা, অর্জন ও সম্ভাবনা নিয়ে আরও অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের আহ্বান জানান তাঁরা।
অনুষ্ঠানে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা, জালালাবাদ অ্যাসোসিয়েশনের প্রতিনিধি, আরটিভি, ল্যাতিন বাংলা ও গ্রীন টিভির ফ্রান্স প্রতিনিধি , ইকরা টিভির সাংবাদিক, গীতিকার, ব্যবসায়ী ও সাংস্কৃতিক কর্মীসহ কমিউনিটির বিভিন্ন পর্যায়ের মানুষ উপস্থিত ছিলেন। অতিথি, শুভানুধ্যায়ী ও সংশ্লিষ্ট সবার প্রতি ‘ভোরের চেতনা’ পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানানো হয়।



