ফ্রান্সে ছাত্র আন্দোলন ঘিরে বিক্ষোভে লাখো মানুষ, দেশজুড়ে উত্তাল পরিস্থিতি

40

প্যারিস থেকে বিশেষ প্রতিনিধি মো: দুলাল মিয়াঃ

ফ্রান্সে শিক্ষার্থীদের নেতৃত্বে চলমান আন্দোলন ক্রমেই বিস্তৃত হচ্ছে। শিক্ষার্থীদের দাবির সঙ্গে সংহতি জানিয়ে আন্দোলনে যোগ দিয়েছেন শ্রমিক সংগঠন, শিক্ষক ও সাধারণ মানুষ।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দেশটির বিভিন্ন শহরে বিক্ষোভ ও ধর্মঘট কর্মসূচি পালিত হয়েছে। এতে জনজীবন, পরিবহন ও ব্যবসা-বাণিজ্যে ব্যাপক প্রভাব পড়েছে।

সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবারের বিক্ষোভে দেশজুড়ে বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। অংশগ্রহণকারীর সংখ্যা নিয়ে সরকারি হিসাব ও শ্রমিক সংগঠনগুলোর দাবির মধ্যে উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে।

ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হিসাবে বিক্ষোভে অংশ নেন ছয় লাখের বেশি মানুষ। অন্যদিকে শ্রমিক সংগঠন CGT-এর দাবি, অংশগ্রহণকারীর সংখ্যা ছিল প্রায় ১৬ লাখ।

শিক্ষার্থীদের অভিযোগ, ফ্রান্সের শিক্ষাব্যবস্থায় দীর্ঘদিনের নানা সংকট সমাধানে সরকার কার্যকর পদক্ষেপ নিতে পারছে না। শ্রেণিকক্ষে শিক্ষার্থীর অতিরিক্ত চাপ, শিক্ষক সংকট, বিশ্ববিদ্যালয়ে ভর্তির সীমাবদ্ধতা এবং শিক্ষাখাতে পর্যাপ্ত অর্থ বরাদ্দ না থাকায় তারা ক্ষুব্ধ। এসব সমস্যা সমাধানে শিক্ষার্থীরা শিক্ষা খাতে সরকারি বিনিয়োগ বৃদ্ধি, নতুন শিক্ষক নিয়োগ এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রক্রিয়ায় সংস্কারের দাবি জানাচ্ছেন।

 

ছাত্র আন্দোলনে উত্তাল ফ্রান্স, কী ঘটবে ৬ অক্টোবর?

আন্দোলনের বিভিন্ন পর্যায়ে কয়েকটি শহরে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের উত্তেজনা ও সংঘর্ষের ঘটনাও ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্যারিসসহ বিভিন্ন এলাকায় অতিরিক্ত পুলিশ ও নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়। কোথাও কোথাও কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহারের অভিযোগ উঠেছে। সংঘর্ষ ও অবরোধের কারণে বিভিন্ন এলাকায় যান চলাচল এবং শিক্ষাপ্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়েছে।

এদিকে আন্দোলনের প্রভাব পড়েছে ব্যবসা-বাণিজ্যেও। বিশেষ করে বিক্ষোভ, সড়ক অবরোধ ও যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হওয়ায় ক্ষুদ্র ব্যবসায়ী ও রেস্তোরাঁ মালিকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। অনেক ব্যবসাপ্রতিষ্ঠানে ক্রেতা কমে যাওয়ায় আর্থিক ক্ষতির আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

সরকারের পক্ষ থেকে শিক্ষাব্যবস্থার বিভিন্ন সমস্যা সমাধানে সংস্কার ও পদক্ষেপের কথা বলা হলেও আন্দোলনকারী শিক্ষার্থীরা বলছেন, শুধু আশ্বাস নয়, তারা বাস্তব ও কার্যকর পরিবর্তন চান।

বিশ্লেষকদের মতে, শিক্ষার্থীদের দাবি ঘিরে শুরু হওয়া এই আন্দোলন এখন বৃহত্তর সামাজিক অসন্তোষের প্রতিফলন হয়ে উঠছে। সরকার ও আন্দোলনকারীদের মধ্যে সমঝোতা না হলে ফ্রান্সে আগামী দিনগুলোতেও বিক্ষোভ ও ধর্মঘট অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে।