প্যারিস থেকে বিশেষ প্রতিনিধি মো: দুলাল মিয়াঃ
ফ্রান্সের রাজধানী প্যারিসে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে শনিবার ঐতিহাসিক ৭ নভেম্বর, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বক্তারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা এবং জাতীয় ঐক্য সুদৃঢ় করার ওপর জোর দেন।
দূতাবাস কর্মকর্তা মো. ওয়ালিদ বিন কাশেমের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার তালহা আলম। তিনি বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী-জনতা একজোট হয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র রুখে দিয়েছিল। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে দিনটির তাৎপর্য গভীর।
ফ্রান্স বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম. এ. তাহের বলেন, ১৯৭৫ সালে সিপাহী-জনতা যেভাবে একসঙ্গে দাঁড়িয়েছিল, ২০২৪ সালেও সব স্তরের মানুষ তেমনভাবেই রাজপথে নেমেছিল। জনগণের অধিকারবিরোধী যেকোনো উদ্যোগ মোকাবিলায় ঐক্যের কোনো বিকল্প নেই বলে তিনি মন্তব্য করেন। কেউ যেন বাংলাদেশকে পরনির্ভরশীল রাষ্ট্রে পরিণত করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জুনেদ আহমদ বলেন, ৭ নভেম্বরের বিপ্লবের মধ্য দিয়েই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বন্দিদশা থেকে মুক্ত হন এবং পরে সংকটময় সময়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেন। এই দিনের চেতনা থেকে শিক্ষা নিয়ে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানান তিনি।
ফ্রান্স জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা খালেদ আহমদ জায়িম বলেন, দেশের অর্থসামাজিক, ভৌগোলিক ও রাজনৈতিক বাস্তবতায় জাতীয় ঐক্য মজবুত করতে ৭ নভেম্বরের চেতনা ধারণ করা প্রয়োজন। তাঁর মতে, ১৯৭১-এর মুক্তিযুদ্ধ, ১৯৭৫-এর সিপাহী-জনতার বিপ্লব, ১৯৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলন ও ২০২৪-এর গণ-অভ্যুত্থানের মূল আকাঙ্ক্ষা ছিল জনগণের গণতান্ত্রিক ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা, পাশাপাশি একটি স্বনির্ভর, নিরাপদ ও কল্যাণমুখী রাষ্ট্র গঠন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ফ্রান্স বিএনপির সাবেক সহসভাপতি আব্দুর রহিম, বিএনপি নেতা শাহ জামাল, এম. এ. রশিদ হোসেন পাটোয়ারী, আলতাফুর রহমান, শাফাত জামিল, ফ্রান্স যুবদলের সাংগঠনিক সম্পাদক নাজমুল ইসলাম সায়েম এবং ফ্রান্স জমিয়তের সহসভাপতি কামরুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ফ্রান্স জমিয়তের প্রচার সম্পাদক মাওলানা আনোয়ার হোসেন। অনুষ্ঠানের শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ এবং বাংলাদেশের শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।



