প্রধানমন্ত্রী তারেক রহমানকে সভাপতি করে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) গঠন করা হয়েছে। গত মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ বিভাগের কমিটি বিষয়ক অধিশাখার অতিরিক্ত সচিব (কমিটি ও অর্থনৈতিক) মো. হুমায়ুন কবিরের সই করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে নতুন এই কমিটি গঠনের কথা বলা হয়েছে।প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি’র (একনেক) সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, বিকল্প সভাপতি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ঢাকাঃ নির্বাচিত নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) পুনর্গঠন করা হয়েছে। ৯ সদস্যবিশিষ্ট এই কমিটির সভাপতি হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। প্রতি সরকার পরিবর্তনের পর পুরোনো কমিটি বাতিল করে নতুন করে একনেক গঠন করা হয়। এই কমিটির সভায় বিভিন্ন উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়।
একনেকের অন্য সদস্যরা
- অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী
- স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
- পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
- শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদীর
- আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান
- স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন
- সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম
তবে যে মন্ত্রণালয়ের প্রকল্প একনেক সভায় উপস্থাপিত হয়, সেই মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট মন্ত্রীকে সভায় উপস্থিত থাকতে হয়। সহায়তাদানকারী কর্মকর্তারা হলেন- মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব, অর্থ বিভাগের সচিব, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব, বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব, পরিকল্পনা বিভাগ পরিকল্পনা কমিশনের সদস্যগণ, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের সচিব।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, এ কমিটিতে ‘সচিব’ বলতে সিনিয়র সচিবও অন্তর্ভুক্ত হবেন।



