বিশ্বে সবচেয়ে জনবহুল শহরের তালিকায় ৯ থেকে ২ নম্বরে উঠে এল ঢাকা! শীর্ষে এশিয়ারই আরেক শহর, গোটা বিশ্বে সাড়া ফেলেছে এই তালিকা।গত ১৮ নভেম্বর জাতিসংঘ ‘ওয়ার্ল্ড আরবানাইজেশন প্রসপেক্টস ২০২৫’ শিরোনামে এই প্রতিবেদন প্রকাশ করে। ইউনাইটেড নেশনস ডিপার্টমেন্ট অফ ইকোনমিক অ্যান্ড সোশ্যাল অ্যাফেয়ার্স এই প্রতিবেদনটি প্রস্তুত করেছে। স্কাই নিউজের খবরে বলা হয়েছে, প্রতিবেদনটি অনুমানের ওপর ভিত্তি করে তৈরি করা। এই প্রতিবেদনের মাধ্যমে জাতিসংঘ তাদের ২০১৮ সালের জনসংখ্যাবিষয়ক তথ্য তুলে ধরেছে।

জনসংখ্যার দিক থেকে জাপানের টোকিওকে পেছনে ফেলে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শহরের তালিকায় উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা। জাতিসংঘের নতুন এক প্রতিবেদনে বলা হয়েছে, তালিকায় বর্তমানে প্রথম স্থানে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। আর, যে গতিতে জনসংখ্যা বাড়ছে তাতে ২০৫০ সাল নাগাদ ঢাকাই হবে বিশ্বের সবচেয়ে জনবহুল শহর।
জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক বিষয়ক বিভাগের (ইউএন ডিইএসএ) ‘ওয়ার্ল্ড আরবানাইজেশন প্রসপেক্টাস ২০২৫’ শীর্ষক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

বিশ্বের সবচেয়ে জনবহুল শহরের তালিকায় ২০০০ সালে শীর্ষস্থানে উঠে আসে টোকিও। কিন্তু এবারের প্রতিবেদনে জাপানের রাজধানী নেমে গেছে তৃতীয় স্থানে। টোকিওর জনসংখ্যা এখন ৩ কোটি ৩৪ লাখ। অন্যদিকে, তালিকার নবম স্থান থেকে এক লাফে দ্বিতীয় স্থানে উঠে আসা ঢাকার বর্তমান জনসংখ্যা ৩ কোটি ৬৬ লাখ বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। আর ৪ কোটি ১৯ লাখ জনসংখ্যা নিয়ে বিশ্বের বৃহত্তম শহর এখন জাকার্তা।

শীর্ষ ১০ মেগাসিটির (১ কোটির বেশি জনসংখ্যা অধ্যুষিত শহর) তালিকাতেও দেখা গেছে এশিয়ার প্রাধান্য। বিশ্বের ৩৩টি মেগাসিটির মধ্যে ১৯টিই এশিয়ায় অবস্থিত। শীর্ষ দশে থাকা অন্য এশীয় শহরগুলো হলো—ভারতের নয়াদিল্লি (৩ কোটি ২ লাখ), চীনের সাংহাই (২ কোটি ৯৬ লাখ), গুয়াংজু (২ কোটি ৭৬ লাখ), ফিলিপাইনের ম্যানিলা (২ কোটি ৪৭ লাখ), ভারতের কলকাতা (২ কোটি ২৫ লাখ) এবং দক্ষিণ কোরিয়ার সিউল (২ কোটি ২৫ লাখ)। ১৯৭৫ সালে বিশ্বে মেগাসিটি ছিল মাত্র ৮টি।
শীর্ষ ১০-এ এশিয়ার বাইরের একমাত্র শহর মিশরের কায়রো। এই শহরের জনসংখ্যা ৩ কোটি ২০ লাখ। এ ছাড়া লাতিন আমেরিকার বৃহত্তম শহর ব্রাজিলের সাও পাওলো (১ কোটি ৮৯ লাখ) এবং সাব-সাহারান আফ্রিকার বৃহত্তম শহর হিসেবে নাইজেরিয়ার লাগোসের জনসংখ্যা দ্রুত বাড়ছে।
প্রতিবেদনে ঢাকার জনসংখ্যা দ্রুত বৃদ্ধির পেছনে গ্রাম থেকে মানুষের শহরমুখী হওয়াকে অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে বন্যা ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে বাস্তুচ্যুত মানুষ এবং জীবিকার সন্ধানে আসা মানুষেরা ঢাকায় ভিড় করছেন। জাতিসংঘের পূর্বাভাস অনুযায়ী, ২০৫০ সালের মধ্যে ঢাকা বিশ্বের বৃহত্তম শহরে পরিণত হবে।

বর্তমানে তালিকার শীর্ষে থাকা জাকার্তাও বড় ধরনের পরিবেশগত ঝুঁকির মুখে রয়েছে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে ২০৫০ সালের মধ্যে শহরটির এক-চতুর্থাংশ পানির নিচে তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এ সংকট মোকাবিলায় ইন্দোনেশিয়া সরকার বোর্নিও দ্বীপে ‘নুসানতারা’ নামে নতুন রাজধানী গড়ে তুলছে। তবে জাতিসংঘ বলছে, রাজধানী স্থানান্তর করা হলেও ২০৫০ সাল নাগাদ জাকার্তায় আরও এক কোটি মানুষ যুক্ত হবে।
জাতিসংঘ এবার নগরায়ণের সংজ্ঞা নির্ধারণে নতুন মাপকাঠি ব্যবহার করেছে। নতুন সংজ্ঞায় একটি শহরকে ‘পরস্পর সংলগ্ন জনবসতি’ হিসেবে ধরা হয়েছে, যেখানে প্রতি বর্গকিলোমিটারে অন্তত ১ হাজার ৫০০ জন বাস করেন এবং মোট জনসংখ্যা অন্তত ৫০ হাজার।
তথ্য ূুত্রঃ রয়টার্স


