কক্সবাজারে নতুন করে আশ্রয় নিয়েছে আরো দেড় লাখ রোহিঙ্গাঃ ইউএনএইচসিআরের তথ্য

257

নিজস্ব প্রতিনিধিঃ মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘনের মুখে গত দেড় বছরে বাংলাদেশে আশ্রয় নিয়েছে আরো দেড় লাখ রোহিঙ্গা। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর গতকাল এ তথ্য জানিয়েছে। এতে করে আগামী ডিসেম্বরের মধ্যে জাতিসংঘের খাদ্য সহায়তা বন্ধ হয়ে যেতে পারে!

মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘনের মুখে গত দেড় বছরে বাংলাদেশে আশ্রয় নিয়েছে আরো দেড় লাখ রোহিঙ্গা। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর গতকাল এ তথ্য জানিয়েছে।

ইউএনএইচসিআরের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, মিয়ানমারে চলমান সংঘাত এবং বিশেষ করে রাখাইন রাজ্যকে লক্ষ্যবস্তু করায় হাজার হাজার রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হচ্ছে। ২০১৭ সালের আগস্টে মিয়ানমার সেনাবাহিনীর দমন-পীড়নের মুখে সাড়ে সাত লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। গত কয়েক মাসে এ সংখ্যা আরো বেড়েছে। ইউএনএইচসিআর ও অন্যান্য দাতা সংস্থা এসব শরণার্থীকে মানবিক সহায়তা দিতে কাজ করে যাচ্ছে।

প্রজন্মের পর প্রজন্ম ধরে উদারভাবে রোহিঙ্গা শরণার্থীদের বাংলাদেশ আশ্রয় দিয়ে আসছে উল্লেখ করে এক বিবৃতিতে বলা হয়েছে, কক্সবাজারে মাত্র ২৪ বর্গকিলোমিটারে প্রায় ১০ লাখ রোহিঙ্গা বাস করছে। দেড় বছরে আরো দেড় লাখ যুক্ত হয়েছে। ফলে এলাকাটি বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ স্থানের একটিতে পরিণত হয়েছে।

নতুন করে বাংলাদেশে প্রবেশ করা এসব রোহিঙ্গা শরণার্থীর মধ্যে প্রায় ১ লাখ ২১ হাজার জনের বায়োমেট্রিক নিবন্ধন সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে ইউএনএইচসিআর। এসব শরণার্থীর বেশির ভাগই নারী ও শিশু। এদের অধিকাংশই জনাকীর্ণ শরণার্থী শিবিরগুলোয় বসবাস করছে।

সংস্থাটি বলছে, শরণার্থী শিবিরে আশ্রয় নেয়া রোহিঙ্গারা মূলত সহায়তার ওপর নির্ভরশীল। ফলে নতুন করে শরণার্থী যোগ হওয়ায় সংকট দেখা দিয়েছে। মূলত যারা নিবন্ধিত শরণার্থী তাদেরই মানবিক সহায়তা দিচ্ছে দাতা সংস্থাগুলো। আর যারা নিবন্ধনের আওতায় আসেনি; তাদের কাছে খাবার, চিকিৎসাসেবা, শিক্ষা ও প্রয়োজনীয় ত্রাণসামগ্রীসহ মৌলিক পরিষেবা পৌঁছানো কঠিন হয়ে যাচ্ছে স্বেচ্ছাসেবকদের।

আশ্রয় ও মৌলিক সেবা দিতে গিয়ে বিদ্যমান মানবিক সহায়তার ব্যবস্থা ভয়াবহভাবে চাপে পড়েছে বলে ইউএনএইচসিআর তার বিবৃতিতে উল্লেখ করেছে। সংস্থাটি বলছে, দ্রুত অর্থ সহায়তা না পেলে খাদ্য, চিকিৎসা, শিক্ষা ও রান্নার জ্বালানি সরবরাহ আগামী কয়েক মাসের মধ্যে থমকে যাবে। বিশেষ করে সেপ্টেম্বরের মধ্যে স্বাস্থ্যসেবা মারাত্মকভাবে ব্যাহত হবে এবং রান্নার গ্যাস (এলপিজি) ফুরিয়ে যাবে। ডিসেম্বরের মধ্যে খাদ্য সহায়তাও বন্ধ হয়ে যেতে পারে। এতে প্রায় ২ লাখ ৩০ হাজার শিশু শিক্ষা কার্যক্রম থেকে ছিটকে পড়বে, যাদের মধ্যে ৬৩ হাজারই নতুন আসা।

রোহিঙ্গা সংকটে বাংলাদেশ ও এ অঞ্চলের অন্যান্য দেশ আন্তর্জাতিক সহায়তা ছাড়া একা কিছু করতে পারবে না বলেও সতর্ক করেছে ইউএনএইচসিআর। রাখাইন রাজ্যে শান্তি ও স্থিতিশীলতা না ফেরা পর্যন্ত এ সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে সংস্থাটি।