আইয়ুব বাচ্চুর গান নিয়ে ‘কেউ না এলে, আমি একাই গানগুলো প্রকাশ করবো’ঃ স্ত্রী ফেরদৌস আক্তার চন্দনা

142

লম্বা বিরতির পর ফের মুক্তি পেলো আইয়ুব বাচ্চুর নতুন গান। নাম ‘ইনবক্স’। ব্যান্ড মিউজিক ডে উপলক্ষে ১ ডিসেম্বর এটি উন্মুক্ত হয় অন্তর্জালে। প্রকাশের পর থেকেই মুগ্ধতা ছড়িয়ে পড়েছে চারপাশে।

 

নিউজ২১বিডি.কম ডেস্ক

এ মুগ্ধতা যতটা না গানটির মান ও মানে ঘিরে, ততধিক প্রিয় শিল্পীকে ফিরে পাওয়ার তরে। কারণ হঠাৎ প্রস্থানের (১৮ অক্টোবর, ২০১৮) ছয় বছর পর নতুন গান প্রকাশ হলো এই গিটার কিংবদন্তির। ভক্তরা যেন প্রিয় শিল্পীর পুনর্জন্মের স্বাদ উপভোগ করছেন ‘ইনবক্স’ শুনতে পেয়ে। তাই নয়, সোশ্যাল হ্যান্ডেলের এই সময়ে গানটি যেন অনেক বেশি প্রাসঙ্গিক। যাতে তুলে ধরা হয়েছে চিঠি লেখা ভুলে চলমান ইনবক্স কালচারের কথা।

বলা দরকার, আইয়ুব বাচ্চুর মৃত্যুর পর সামনে চলে আসেন তার স্ত্রী ফেরদৌস আক্তার চন্দনা। তিনিই যেন গিটার লিজেন্ডের ফেলে রাখা অগোছালো গান ও শব্দহীন গিটারগুলো সামলে নেন নিজ গরজে। গড়ে তোলেন আইয়ুব বাচ্চু ফাউন্ডেশন। মূলত এই ফাউন্ডেশনের উদ্যোগেই প্রকাশ হলো ‘ইনবক্স’।

Loading video

চন্দনা জানান, এখন থেকে ধারাবাহিকভাবে আইয়ুব বাচ্চুর রেখে যাওয়া গানগুলো মুক্তি পাবে। যদিও এর জন্য তিনি চেয়েছেন অন্যদের সহযোগিতা।

চন্দনা বলেন, ‘বাচ্চু যে কবে এই গানটি তৈরি করলো, জানতাম না। ও চলে যাওয়ার পর সেটি আবিষ্কার করলাম আমরা। গানের কথাগুলো এত সুন্দর এবং বর্তমান সময়ের সাথে প্রাসঙ্গিক। সে কারণেই এই গানটি দিয়ে আমাদের প্রকাশনা শুরু করলাম। সামনে বাকি গানগুলোও প্রকাশের উদ্যোগ নিয়েছি।’

তিনি আরও বলেন, ‘বাচ্চুর অনেক গান এখনও অপ্রকাশিত রয়েছে। আমার ইচ্ছা ক্রমশ সবগুলোই প্রকাশ করবো। কিন্তু ভিডিও তৈরি করতে বেশ খরচ। যদি কেউ এগিয়ে আসে, খুব ভালো হয়। তবে কেউ না এলে, আমি একাই গানগুলো প্রকাশ করবো।’

এদিকে আইয়ুব বাচ্চুর মৃত্যুর ৬ বছর পরেও তাকে নিয়ে শ্রোতাদের উন্মাদনার শেষ নেই। ইউটিউবে এরই মধ্যে কয়েক হাজার মানুষ দেখে ফেলেছে গানটি। কমেন্ট বক্স ভরে গেছে প্রিয় গায়কের প্রতি ভালোবাসায়।

বেশিরভাগ মন্তব্য এমন, ‘এবি, আপনার মৃত্যুর পর ২ বছর আমি কারও গান শুনিনি। আজ এই গানটা শুনে মনে হচ্ছে, আপনি নতুন করে আবার ফিরে এসেছেন।’ আরেকজন লিখেছেন, ‘আপনি চলে যাননি। হ্যাঁ, আপনি আছেন, এখনও আছেন।’

আইয়ুব বাচ্চুআইয়ুব বাচ্চু

‘ইনবক্স’ গানটি লিখেছেন নিয়াজ আহমেদ অংশু, সুর ও সংগীতায়োজনের পাশাপাশি কণ্ঠও দিয়েছেন আইয়ুব বাচ্চু। গানটির ভিডিও বানিয়েছেন তানভীর তারেক। আইয়ুব বাচ্চু নামের ইউটিউব চ্যানেল ছাড়াও এটি উন্মুক্ত হয়েছে আইটিউনস, স্পটিফাইসহ বেশ কিছু প্ল্যাটফর্মে।

১৯৬২ সালের ১৬ আগস্ট চট্টগ্রাম শহরে জন্ম হয় আইয়ুব বাচ্চুর। কলেজ জীবনে ‘আগলি বয়েজ’ নামক ব্যান্ড গঠনের মাধ্যমে সংগীতজগতে যাত্রা করেন। ১৯৭৭ সালে যোগ দেন ‘ফিলিংস’ ব্যান্ডে। এই ব্যান্ডে ছিলেন ১৯৮০ সাল পর্যন্ত। এরপর যোগ দেন ‘সোলস’-এ। ছিলেন ১৯৯০ সাল পর্যন্ত।

১৯৯১ সালের ৫ এপ্রিলে নিজের ব্যান্ড ‘এলআরবি’ গড়েন আইয়ুব বাচ্চু। মৃত্যু পর্যন্ত তিনিই ছিলেন এলআরবি দলের প্রধান। মৃত্যুর পর দলটির পথচলাও শেষ হয়ে যায়।