ইরানে হামলার পরিকল্পনা চূড়ান্ত করেছে ইসরায়েল

175
আন্তর্জাতিক ডেস্কঃ হামলার জন্য ইরানকে পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়ে আসছেন ইসরায়েলে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে দেশটিতে পাল্টা হামলার পরিকল্পনা চূড়ান্ত করেছে ইসরায়েল। সংশ্লিষ্ট একটি সূত্রের বরাত দিয়ে আজ বুধবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে। তবে বিস্তারিত কিছু বলেনি সূত্রটি।

এ বিষয়ে জানতে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে সিএনএন। তবে মন্ত্রণালয় কী মন্তব্য করেছে, সে বিষয়ে প্রতিবেদনে কিছু উল্লেখ করা হয়নি।

 

হামলার জন্য ইরানকে পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়ে আসছেন ইসরায়েলে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু

 

লেবাননে হামলায় মেয়র নিহত

 

ইরানের হামলা নিয়ে উৎকণ্ঠার মধ্যেই ফিলিস্তিনের গাজা ও লেবাননে হামলা বাড়িয়েছে ইসরায়েল। আজ লেবাননের দক্ষিণাঞ্চলীয় নাবাতিয়েহ শহরের পৌর ভবনে হামলা চালায় ইসরায়েল। এতে শহরের মেয়র আহমদ কাহিলসহ পাঁচজন নিহত হন। নিহত ব্যক্তিদের মধ্যে পৌরসভার গণমাধ্যম কর্মকর্তা মোহাম্মদ সালিম বিতারও রয়েছেন।

এদিকে রকেট ছুড়ে ইসরায়েলি হামলার জবাব দিচ্ছে হিজবুল্লাহ। বিশেষ করে দেশটির উত্তরাঞ্চল লক্ষ্য করে কয়েক দফায় রকেট হামলা চালানো হয়েছে। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার রাত ৯টায় ৯০টি রকেট নিক্ষেপের ঘটনা ঘটে।

ইসরায়েলি বাহিনী জানায়, লেবানন থেকে আসা রকেটগুলোর অন্তত একটি ইসরায়েলের উত্তরের শহর হাইফার মাটিতে আঘাত হানে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগের দিন লেবানন থেকে ইসরায়েলে ১১৫টি রকেট নিক্ষেপ করা হয়।

সিএনএন