কানপুরে ভারতীয় দর্শকদের হামলায় হাসপাতালে বাংলাদেশি সমর্থক

206
কানপুর থেকেঃ মিডিয়া স্ট্যান্ড লাগোয়া গ্যালারিতে বাংলাদেশি সমর্থক রবিউল ইসলাম রবি ‘টাইগার’ সেজে বাংলাদেশকে সমর্থন দিচ্ছিলেন ম্যাচ শুরুর সময় থেকে। তবে দুপুরের দিকে গ্যালারিতে থাকা ভারতীয় দর্শকদের হামলার শিকার হয়েছেন বলে রবি অভিযোগ করেছেন।

ঘটনার পর রবিকে স্থানীয় পুলিশসহ সেচ্ছাসেবীরা উদ্ধার করেছেন। মিডিয়া গেটের দায়িত্বে থাকা একাধিক পুলিশ জানিয়েছেন, তাঁরা রবির থেকে জানতে চেয়েছেন, কারা তাঁকে (রবি) মেরেছেন। কিন্তু তিনি (রবি) বলেননি তেমন কিছু। চিকিৎসার জন্য রবিকে এরই মধ্যে স্থানীয় হাসপাতালে পুলিশ পাঠিয়েছেন। হামলার বিষয়টি  নিশ্চিত করে রবি আজকের পত্রিকাকে বলেছেন, ‘লাঞ্চের আগে তখন বৃষ্টি হচ্ছিল। গ্যালারি থেকে যখন ভেতরে গিয়েছি, আমাকে কয়েকজন ভারতীয় সমর্থক অনেক মারধর করেছে। বুকের পাঁজরে লেগেছে। আমি নিশ্বাস নিতে পারছি না। পুলিশ হাসপাতালে নিয়ে এসেছে।’

এদিকে রবির এই আহত হওয়ার খবর ভারতীয় সংবাদমাধ্যমে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সবাই আহত হওয়ার ভিডিও শেয়ার দিচ্ছেন। কেউ একজন বলেছেন, ‘এ ঘটনায় ভারতীয় সমর্থকদের প্রতি নেতিবাচক ধারণা তৈরি হবে। এমনিতেই তাদের সঙ্গে আমাদের সম্পর্কটা ভালো যাচ্ছে না।’

বাংলাদেশ–ভারত দ্বিতীয় টেস্টের ভেন্যু কানপুরে  অখিল ভারত হিন্দু মহাসভার হামলার হুমকি ছিল। ঠিক সময়ে এই আক্রমণের কবলে রবি।