বন্যায় এখন পর্যন্ত ১৫ জনের মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় অর্ধকোটি মানুষ চলমান বন্যায় এখন পযর্ন্ত দেশে ১১টি জেলায় ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় ৪৮ লাখ ৬৯ হাজার ২৯৯ জন। এ মুহূর্তে ১১ জেলায় মোট ৯ লাখ ৪৬ হাজার ৭৬৯ পরিবার পানিবন্দি। আর এই বন্যায় এখন পর্যন্ত মারা গেছেন ১৫ জন।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসের তথ্য উল্লেখ করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব কামরুল হাসান বলেন, বন্যা পরিস্থিতি ধীরগতিতে উন্নতি হচ্ছে। এখন পর্যন্ত আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন ১ লাখ ৮৮ হাজার ৭৩৯ মানুষ। বন্যাকবলিত এলাকাগুলোর জন্য এখন পর্যন্ত ৩ কোটি ৫২ লাখ নগদ টাকা, ২০ হাজার ১৫০ মেট্রিক টন চাল, ১৫ হাজার প্যাকেট শুকনা খাবার বরাদ্দ করা হয়েছে।
সেনাবাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ড, বিজিবি, ফায়ার সার্ভিস, পুলিশের সদস্য ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা বন্যাকবলিত এলাকায় উদ্ধারকাজ চালাচ্ছেন বলেও জানান এই কর্মকর্তা।







