প্যারিস প্রতিনিধিঃ ফ্রান্সের রাজধানী প্যারিসে জাঁকজমকপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হয়েছে দ্বিতীয় ‘প্যারিস টাইমস আন্তর্জাতিক বইমেলা ২০২৬’। প্যারিসের একটি অভিজাত হলরুমে আয়োজিত এ বইমেলায় ফ্রান্সসহ ইউরোপের বিভিন্ন দেশ ও বাংলাদেশ থেকে আগত প্রায় ৩০ জন লেখক এবং ২৫টি স্টলের অংশগ্রহণে সৃষ্টি হয় লেখক, পাঠক, কবি, সাহিত্যিক ও সংস্কৃতিকর্মীদের এক প্রাণবন্ত মিলনমেলা।
৩০ লেখক ও ২৫টি স্টলের অংশগ্রহণ, সাত লেখকের নতুন বইয়ের মোড়ক উন্মোচন, কবিতা পাঠ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও গুণীজনদের সম্মাননা প্রদান :
এমদাদুল হক স্বপ্নের পরিচালনায় বাংলাদেশ ও ফ্রান্সের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
প্যারিস টাইমসের স্বত্বাধিকারী কাজী নিধি উল্লাহ বইমেলার উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ থেকে আগত লেখক হাসানুজ্জামান রিপন এবং প্যারিস টাইমসের প্রধান পৃষ্ঠপোষক কাজী এনায়েত উল্লাহ। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা ও নৌ-কমান্ডো এনামুল হক।
সাহিত্য, সংস্কৃতি ও বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ হাসানুজ্জামান রিপন, এনামুল হক, রবিশঙ্কর মৈত্রী, আরিফ রানা, লোকমান আহম্মদ আপন, রিয়াজ আহমেদ জুয়েল, প্রকাশ রায় ও সোয়েব মোজাম্মেলকে প্যারিস টাইমসের পক্ষ থেকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
বইমেলার অন্যতম আকর্ষণ ছিল কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। কবি রবিশঙ্কর মৈত্রীর পরিচালনায় কবিতার আসরে ফ্রান্সের বিভিন্ন কবি তাঁদের স্বরচিত কবিতা পরিবেশন করেন। অন্যদিকে রোমানা মনসুর ও আল আমিনের পরিচালনায় সাংস্কৃতিক সন্ধ্যায় সংগীত পরিবেশন করেন জাকারিয়া, কাজী আরিফ রানা, শাহাদাত হোসেন রনি ও ইমতিয়াজ আহমেদ।
এ ছাড়া শিশু-কিশোরদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। বইমেলায় অংশগ্রহণকারী সব স্টল উদ্যোক্তাকে আয়োজকদের পক্ষ থেকে প্রশংসাপত্র প্রদান করা হয়।
এবারের বইমেলার বিশেষ আকর্ষণ ছিল সাতজন লেখকের নতুন বইয়ের মোড়ক উন্মোচন। এর মধ্য দিয়ে প্রবাসে বাংলা সাহিত্যচর্চা ও নতুন লেখকদের সৃজনশীল কাজের পরিচিতি লাভের সুযোগ তৈরি হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সুব্রত ভট্টাচার্য শুভ, বিশিষ্ট ব্যবসায়ী সেলিম রেজা, শাহজাহান শারু, মিজান সরকার, হাসনাত জ্জামান, ওবায়দুল ইসলাম রিয়াদ, আজম খান, হাফিজুর রহমান, আলী আক্কাসসহ ফ্রান্সের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সাহিত্য সংগঠনের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবাসে বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির চর্চা অব্যাহত রাখা এবং নতুন প্রজন্মের কাছে মাতৃভাষা ও মহান মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরতে এ ধরনের বইমেলার গুরুত্ব অপরিসীম। এ ধরনের আয়োজন প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের সঙ্গে বাংলা ভাষা ও সংস্কৃতির সম্পর্ক আরও সুদৃঢ় করতে ভূমিকা রাখবে।
আয়োজকদের মতে, প্রবাসে বাংলা সাহিত্য ও সংস্কৃতির বিকাশ, নতুন লেখক ও পাঠকদের উৎসাহিত করা এবং ইউরোপের বাংলা ভাষাভাষীদের মধ্যে সাংস্কৃতিক সেতুবন্ধন তৈরি করাই এ আয়োজনের মূল লক্ষ্য।
সবশেষে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গান পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন বিশিষ্ট ব্যবসায়ী, লেখক, সংগঠক ও প্যারিস টাইমসের প্রধান উপদেষ্টা কাজী এনায়েত উল্লাহ।
প্রবাসের মাটিতে বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির বিকাশে দ্বিতীয় প্যারিস টাইমস আন্তর্জাতিক বইমেলা ২০২৬ লেখক, পাঠক ও সংস্কৃতিপ্রেমীদের অংশগ্রহণে একটি স্মরণীয় আয়োজনে পরিনত হয়।




