ডিসেম্বরে ঢাকায় বসছে এনআরবি ওয়ার্ল্ড সামিট

12

নিউজ ডেস্কঃ  ঢাকায় ১ নভেম্বর এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬-এর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। প্রবাসী বাংলাদেশি, উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের নিয়ে ডিসেম্বরে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে।

প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে দেশের যোগাযোগ আরও জোরদার করা এবং আন্তর্জাতিক পর্যায়ে ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ ও জ্ঞান বিনিময়ের সুযোগ সম্প্রসারণের লক্ষ্য নিয়ে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬-এর সংবাদ সম্মেলন। আগামী ১ নভেম্বর দুপুর ১২টায় ঢাকার জাতীয় প্রেস ক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

এনআরবি ওয়ার্ল্ডের পক্ষ থেকে পাঠানো ২৬ অক্টোবরের আমন্ত্রণপত্রে জানানো হয়েছে, আগামী ২৮ ও ২৯ ডিসেম্বর ঢাকার শেরাটন হোটেলে দুই দিনব্যাপী এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬ অনুষ্ঠিত হবে। সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রবাসী বাংলাদেশি, উদ্যোক্তা, বিনিয়োগকারী, ব্যবসায়ী নেতা,পেশাজীবী এবং বিশিষ্ট অতিথিরা অংশ নেবেন।

আয়োজকদের প্রত্যাশা, এই সম্মেলনের মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বাড়বে। পাশাপাশি বাংলাদেশ ও প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক, বিনিয়োগের সুযোগ এবং পারস্পরিক জ্ঞান বিনিময়ের ক্ষেত্র আরও সম্প্রসারিত হবে।

সংবাদ সম্মেলনে এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬-এর মূল লক্ষ্য, কর্মসূচি এবং গুরুত্বপূর্ণ উদ্যোগগুলো তুলে ধরা হবে। একই সঙ্গে আসন্ন আন্তর্জাতিক সম্মেলনের পরিকল্পনা ও কার্যক্রম সম্পর্কে গণমাধ্যমকে বিস্তারিত ধারণা দেওয়া হবে।

সংবাদ সম্মেলনে অংশগ্রহণ ও সংবাদ পরিবেশনের জন্য বিভিন্ন টেলিভিশন চ্যানেল ও সংবাদপত্রকে আমন্ত্রণ জানিয়েছে আয়োজক সংগঠনটি। এ উপলক্ষে সংশ্লিষ্ট গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোকে প্রতিনিধি ও আলোকচিত্রী অথবা ক্যামেরাপারসন পাঠানোর অনুরোধ জানানো হয়েছে।

এনআরবি ওয়ার্ল্ডের আঞ্চলিক পরিচালক সুমাইয়া জামানের স্বাক্ষরিত আমন্ত্রণপত্রে সংগঠনটির পক্ষে উপস্থিতি ও গণমাধ্যমের সহযোগিতা কামনা করা হয়েছে।

আমন্ত্রণপত্রে এনআরবি ওয়ার্ল্ডের সভাপতি মোহাম্মদ শহীদুজ্জামান তরিক, মহাসচিব মোয়াজ্জেম এইচ. চৌধুরী এবং প্রতিষ্ঠাতা এনামুল হক এনামের নাম উল্লেখ রয়েছে।

 

 

প্রবাসীদের বিনিয়োগ ও দক্ষতা কাজে লাগাতে ঢাকায় বসছে এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬

 

প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে দেশের যোগাযোগ আরও জোরদার করা এবং আন্তর্জাতিক পর্যায়ে ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি ও উন্নয়নের নতুন সম্ভাবনা তৈরির লক্ষ্যে আগামী ২৮ ও ২৯ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিনব্যাপী ‘এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬’। রাজধানীর শেরাটন হোটেলে এ সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রবাসী বাংলাদেশি, উদ্যোক্তা, বিনিয়োগকারী, পেশাজীবী ও নীতিনির্ধারকদের অংশগ্রহণের কথা রয়েছে।

সামিট উপলক্ষে ১ নভেম্বর দুপুর ১২টায় জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে সম্মেলনের লক্ষ্য, পরিকল্পনা, কর্মসূচি ও প্রস্তুতির বিভিন্ন দিক তুলে ধরেন আয়োজকরা।

দুই দিনব্যাপী সম্মেলনে ব্যবসা ও বিনিয়োগ, প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান, জ্বালানি, টেকসই উন্নয়ন এবং দেশের ভবিষ্যৎ অর্থনৈতিক সম্ভাবনা নিয়ে আলোচনা হবে। পাশাপাশি অনুষ্ঠিত হবে গ্লোবাল হেলথ সামিট ২০২৬। এতে স্বাস্থ্যসেবা, চিকিৎসা প্রযুক্তি, আন্তর্জাতিক স্বাস্থ্য সহযোগিতা ও স্বাস্থ্য খাতে বিনিয়োগের সম্ভাবনা গুরুত্ব পাবে।

আয়োজকরা জানান, সম্মেলনের অন্যতম লক্ষ্য হলো প্রবাসী বাংলাদেশি ও দেশের উদ্যোক্তাদের মধ্যে কার্যকর ব্যবসায়িক সংযোগ তৈরি করা। এ লক্ষ্যে নেটওয়ার্কিং, বিজনেস ম্যাচমেকিং, বিনিয়োগ আলোচনা এবং তরুণ উদ্যোক্তাদের সম্পৃক্ত করার বিশেষ উদ্যোগ রাখা হয়েছে। প্রবাসী নারীদের নেতৃত্ব ও অবদান নিয়েও থাকবে বিশেষ আলোচনা।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, প্রবাসী বিনিয়োগ আকর্ষণ এবং বিনিয়োগকারীদের সঙ্গে স্থানীয় উদ্যোক্তাদের সংযোগ স্থাপনে একটি কার্যকর কাঠামো গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এ ক্ষেত্রে বিনিয়োগ সহায়তা ও কমিশনভিত্তিক প্রস্তাবসহ বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা করা হবে।

এনআরবি ওয়ার্ল্ডের পক্ষ থেকে জানানো হয়, সামিটকে আন্তর্জাতিক পর্যায়ে পরিচিত করতে ইতোমধ্যে বিভিন্ন দেশে যোগাযোগ ও প্রচার কার্যক্রম পরিচালনা করা হয়েছে। যুক্তরাজ্য ও ফ্রান্সে সংবাদ সম্মেলনসহ যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, জাপান, সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাত এবং ইউরোপের বিভিন্ন দেশে প্রবাসী বাংলাদেশি, ব্যবসায়ী ও সংগঠকদের সঙ্গে মতবিনিময় করা হয়েছে।

এ ছাড়া প্রবাসী বাংলাদেশিদের সাফল্য, অবদান ও সম্ভাবনাকে আন্তর্জাতিক পরিসরে তুলে ধরতে বিভিন্ন প্রকাশনা উদ্যোগ নেওয়া হয়েছে। এসব উদ্যোগের মাধ্যমে প্রবাসীদের অর্জনকে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি বাংলাদেশে তাঁদের বিনিয়োগ ও অংশগ্রহণের সুযোগ আরও দৃশ্যমান করার পরিকল্পনা রয়েছে।

সংবাদ সম্মেলনে এনআরবি ওয়ার্ল্ডের প্রতিষ্ঠাতা এনামুল হক এনাম, পরিচালক আনিসুল কবির জাসির ও রেহান রেজা এবং আঞ্চলিক পরিচালক সুমাইয়া জামান উপস্থিত ছিলেন।

আয়োজকদের মতে, এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬ কেবল একটি সম্মেলন নয়; বরং প্রবাসী বাংলাদেশি ও দেশের মধ্যে দীর্ঘমেয়াদি সহযোগিতা, বিনিয়োগ, জ্ঞান বিনিময় এবং আন্তর্জাতিক ব্যবসায়িক সম্পর্ক গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।