চলতি ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আজ মঙ্গলবার (২১ এপ্রিল ২০২৬) থেকে। পরীক্ষা চলবে ২০ মে পর্যন্ত।এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট পরীক্ষার্থী ১৮ লাখ ৫৭ হাজারের বেশি। ২০২৫ সালে ফল প্রকাশের যে তথ্য দেওয়া হয়েছিল, তাতে মোট পরীক্ষার্থী ছিল ১৯ লাখ ৩৬ হাজারের বেশি। অর্থাৎ গতবারের তুলনায় এবার পরীক্ষার্থী অনেক কম। সারা দেশে মোট ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে এসএসসি ও সমমানের পরীক্ষা।
ঢাকাঃ আজ থেকে শুরু হচ্ছে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টা থেকে সারাদেশে পরীক্ষা শুরু হবে।
এবার পরীক্ষায় অংশ নিচ্ছেন ৩০ হাজার ৬৬৬টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৮ লাখ ৫৭ হাজার শিক্ষার্থী। এর মধ্যে ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন ছেলে এবং ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন মেয়ে।
নতুন সরকার ক্ষমতায় আসার পর এটিই প্রথম পাবলিক পরীক্ষা। দুই বছর আগে নিয়মিত শিক্ষার্থী হিসেবে রেজিস্ট্রেশন (নিবন্ধন) করেও তাদের মধ্যে প্রায় সাড়ে চার লাখ শিক্ষার্থী এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে না।
গতকাল সোমবার সচিবালয়ে ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী আ. ন. ম এহছানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহাদী আমিন জানান, পরীক্ষার সময় ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরে চিঠি দেওয়া হয়েছে। একই সঙ্গে কেন্দ্র এলাকার যানজট নিয়ন্ত্রণ ও পরীক্ষার্থীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।
শিক্ষা উপদেষ্টা আরও বলেন, পরীক্ষাকেন্দ্রে কোনো ধরনের আতঙ্ক বা বিশৃঙ্খলা সৃষ্টি না করতে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে হবে।
এদিকে, স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে গত দুই সপ্তাহ ধরে প্রায় প্রতিদিনই বিভিন্ন নির্দেশনা জারি করছে শিক্ষা বোর্ডগুলো। এবারের পরীক্ষায় ৩ হাজার ২০৯টি কেন্দ্র সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে।
আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির বলেন, অনেক কেন্দ্রেই সিসি ক্যামেরার ব্যবহার আগে থেকেই রয়েছে। নতুন কেন্দ্রগুলোতেও নিয়ম মেনে নজরদারির ব্যবস্থা কার্যকর করা হয়েছে।



