বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতির অন্যতম খাল খনন। আরও কয়েকটি প্রতিশ্রুতির মতো এ ক্ষেত্রে কাজ শুরু করেছে নতুন সরকার। সেই কাজে নেতৃত্ব দিচ্ছেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। এরই মধ্যে ঢাকার আশপাশে দখল, দূষণে মৃতপ্রায় কয়েকটি খাল পরিদর্শন করেছেন তিনি। গেছেন ঢাকার বাইরেও।

ঢাকাঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী শুরু হলো সরকারের খাল পুনঃখননের কাজ। এক হাজার কিলোমিটার খাল পুনঃখননের কাজ শুরু করেছে সরকার। পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খননের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। কৃষি, মৎস্য ও পরিবেশ সুরক্ষায় এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি জানিয়েছেন, সরকারের ১৮০ দিনের কর্মসূচিতে অগ্রাধিকার দেওয়া হচ্ছে খাল খননকে। প্রচলিত সরকারি কাজের মতো নয়; নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকারের পুরোনো পরিকল্পনার আলোকে প্রথম ১৮০ দিনে এক হাজার কিলোমিটার খাল খনন কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে মাঠে নামছেন তিনি। এরই অংশ হিসাবে গতকাল শুক্রবার সিলেট সফরে বের হয়েছেন। এর পাশাপাশি আগামী ৫ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খননের জন্য ডিপিপি প্রস্তুতির কাজও চলবে।





