আজ পবিত্র শবে মেরাজ

83
sharethis sharing button

নিউজ ডেস্কঃ পবিত্র লাইলাতুল মেরাজ বা শবে মেরাজ আজ। মেরাজের ঘটনা মহানবী হযরত মোহাম্মদ (সা.) এর জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় এবং ইসলাম ধর্মের তাৎপর্যপূর্ণ এ রাতে ইবাদত-বন্দেগির মাধ্যমে পবিত্র শবে মেরাজ পালন করবেন দেশের ধর্মপ্রাণ মুসলমানেরা।

এ ঘটনার মধ্য দিয়েই সালাত বা নামাজ মুসলমানদের জন্য ফরজ করা হয় এবং এ রাতেই প্রতিদিন ৫ বার নামাজ আদায় করার বিধান নিয়ে আসেন প্রিয় নবী হযরত মোহাম্মদ (সা.)।
ইসলামের ইতিহাস-অনুযায়ী মুহাম্মাদ (সা.)-এর নবুওয়াতের দশম বছরে বা ৬২১ খ্রিষ্টাব্দের এক রাতে তিনি কাবা শরিফ থেকে জেরুজালেমে অবস্থিত ‘বায়তুল মুকাদ্দাস’ বা আল-আকসা মসজিদে গমন করে নবীদের জামায়াতে ইমামতি করেন। তার মসজিদুল আকসায় গমনের এ ঘটনাকে কুরআনের ভাষায় ‘ইসরা’ বলা হয়।

সেখান থেকে তিনি ‘বুরাক’ নামক বিশেষ বাহনে আসীন হয়ে ঊর্ধ্ব আকাশে গমন করেন এবং এ ঘটনাকে ‘মেরাজ’ বলা হয়। এ সফরে তার সফরসঙ্গী ছিলেন ফেরেশতা জিবরাইল (আ.)।

জিবরাইল (আ.) তাকে ঊর্ধ্বাকাশে অবস্থিত ‘সিদরাত-আল মুনতাহা’, বেহেশতের নদী ও ফেরেশতাদের জন্য আল্লাহর নির্ধারিত ইবাদতখানা ‘বায়তুল মা’মুর’ পরিদর্শন করান। এরপর তিনি মহান আল্লাহপাকের সাক্ষাৎ লাভ করেন।

বিশেষ এ দিনটিকে মহান রাব্বুল আলামিনের রহমত কামনায় ধর্মপ্রাণ মুসলমানরা মসজিদে-মসজিদে, নিজগৃহে কিংবা ইসলাম ধর্মের অনুসারীদের বিভিন্ন প্রতিষ্ঠানে কোরআনখানি, জিকির-আযগার ও ইবাদত-বন্দেগীর মধ্য দিয়ে কাটিয়ে দেন।