বিবি’র ৫ বেসরকারী ব্যাংকের পর্ষদ ভেঙে সরকারি প্রশাসক নিয়োগ

99

বাংলাদেশ ব্যাংক পাঁচটি ইসলামি ব্যাংকের দায়িত্ব নিয়েছে।ইসলামী শরিয়ায় ভিত্তিক পাঁচ ইসলামী ব্যাংকের দায়িত্ব বুঝে নিলেন কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা। একীভূত হতে যাওয়া বেসরকারী ৫ ব্যাংকের পর্ষদ ভেঙে প্রশাসক বসিয়েছে বাংলাদেশ ব্যাংক।

পাঁচ ইসলামী ব্যাংকের দায়িত্ব নিলেন কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা

 

 

ঢাকাঃ দেশের শরিয়াহ ভিত্তিক পাঁচটি ইসলামি ব্যাংকের দায়িত্ব নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এসব ব্যাংক ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়ে লুটপাটের শিকার হয়েছিল। তারল্য সহায়তা দেওয়ার পরও ঘুরে দাঁড়াতে পারেনি ব্যাংকগুলো। এ জন্য এসব ব্যাংককে অকার্যকর ঘোষণা করে প্রতিটিতে কেন্দ্রীয় ব্যাংকের পাঁচজন করে কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। পাশাপাশি বাংলাদেশ ব্যাংক এই ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ বিলুপ্ত ঘোষণা করেছে এবং ব্যবস্থাপনা পরিচালকদের (এমডি) পদত্যাগ করতে বলেছে।

ফলে এখন থেকে ব্যাংক পাঁচটি পরিচালনা করবে বাংলাদেশ ব্যাংকের নিয়োগ করা প্রশাসক দল। তারাই ব্যাংকগুলো একীভূত করে নতুন একটি ব্যাংকে রূপ দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করবে। আজ বুধবার পাঁচ ব্যাংকের সঙ্গে অনুষ্ঠিত সভায় এসব সিদ্ধান্ত জানানো হয়। বাংলাদেশ ব্যাংক এ নিয়ে ব্যাংকগুলোকে একাধিক চিঠি দিয়ে এসব সিদ্ধান্ত জানায়।

আলোচ্য পাঁচ ব্যাংক হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী, গ্লোবাল ইসলামী, ইউনিয়ন, এক্সিম ও সোশ্যাল ইসলামী ব্যাংক। এর মধ্যে এক্সিম ব্যাংক ছিল ব্যাংক উদ্যোক্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) নিয়ন্ত্রণের তৎকালীন চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের এবং বাকি চারটি ছিল চট্টগ্রামের এস আলম গ্রুপের কর্ণধার ও বহুল আলোচিত ব্যবসায়ী সাইফুল আলমের নিয়ন্ত্রণে। তাঁরা দুজনেই আবার তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠজন বলে পরিচিত ছিলেন।

প্রাথমিকভাবে প্রশাসকদের কাজ হলো ব্যবসা চলমান রাখা, আইটি সিস্টেমে নজরদারি ও একীভূতকরণ প্রক্রিয়া চালিয়ে যাওয়া, মানবসম্পদ বিভাগের নিয়ন্ত্রণ নেয়া ও ব্যাংকগুলোর শাখাগুলোকে যৌক্তিক পর্যায়ে নিয়ে আসা।

একীভূত হতে যাওয়া ৫ শরীয়াহ ভিত্তিক ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে প্রশাসক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বুধবার (৫ নভেম্বর) থেকেই প্রশাসকরা নিয়োগপ্রাপ্ত ব্যাংকগুলোতে দায়িত্ব পালন করবেন। বাংলাদেশ ব্যাংকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান গভর্নর আহসান এইচ মনসুর।

তিনি বলেন, ব্যাংকগুলোকে অকার্যকর (নন ভায়াবেল) ঘোষণা দিয়েই বাংলাদেশ ব্যাংক সেখানে হস্তক্ষেপ করেছে। আনুষ্ঠানিকভাবে আজ ব্যাংকগুলোর কোম্পানি সেক্রেটারিকে চিঠি দেয়া হয়েছে। দায়িত্বপ্রাপ্ত প্রশাসকরা ব্যাংগুলোতে চার ধরনের কার্যক্রম পরিচালনা করবেন বলে জানান গভর্নর।

আহসান এইচ মনসুর বলেন, প্রাথমিকভাবে প্রশাসকদের কাজ হলো ব্যবসা চলমান রাখা, আইটি সিস্টেমে নজরদারি ও একীভূতকরণ প্রক্রিয়া চালিয়ে যাওয়া, মানবসম্পদ বিভাগের নিয়ন্ত্রণ নেয়া ও ব্যাংকগুলোর শাখাগুলোকে যৌক্তিক পর্যায়ে নিয়ে আসা।

একীভূতের তালিকায় থাকা ব্যাংকগুলোর শেয়ারপ্রতি সম্পদমূল্য ঋণাত্মক ৩৫০-৪২০ টাকা পর্যন্ত হয়ে গেছে বলে জানান গভর্নর। তিনি বলেন, ব্যাংকগুলোর শেয়ারহোল্ডারদের জরিমানা করা উচিৎ। আমরা তা না করে তাদের মালিকানা শূন্য করে দিয়েছি। আর ব্যাংকগুলোতে যারা লুটপাট করেছে, তাদের বিরুদ্ধে দুদকসহ সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থা থেকে মামলা দায়ের করা হচ্ছে। এ ব্যাংকগুলোকে নজরদারির মধ্যে রাখার জন্য একটি কেন্দ্রীয় কমিটি থাকবে বলেও জানান আহসান এইচ মনসুর।

কোন ব্যাংক ডুবাল কে

ব্যাংকগুলোতে পাঠানো চিঠিতে কোন প্রতিষ্ঠানে কার বেশি ঋণ, সে তথ্য তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে ঋণ জালিয়াতির সঙ্গে এস আলম, নাসা, সিকদার, বসুন্ধরা গ্রুপসহ আরও কয়েকটি গোষ্ঠী জড়িত। এস আলম গ্রুপ সোশ্যাল ইসলামী ব্যাংকে ৬ হাজার ৭০ কোটি টাকা ঋণ জালিয়াতিতে জড়িত। এ ছাড়া সিকদার, নাসা ও দেশবন্ধু গ্রুপের নেওয়া ঋণের আদায় নেই। ইউনিয়ন ব্যাংক ও গ্লোবাল ইসলামী ব্যাংকের একই পরিণতির জন্য দায়ী এস আলম গ্রপ। এক্সিম ব্যাংকের ক্ষেত্রে দায়ী করা হয় নাসা, বেক্সিমকো, এস আলমসহ আরও কয়েকটি গ্রুপকে।

চিঠিতে ব্যাংকগুলোকে বলা হয়, ‘আপনাদের ব্যাংক আর্থিকভাবে অকার্যকর হয়ে পড়েছে। এককভাবে কার্যকর হওয়ার আর কোনো সম্ভাবনা নেই। আয় দিয়ে কর্মকর্তা-কর্মচারীদের বেতন দিতে অক্ষম।’

 

 

একীভূত করার পর অধিগ্রহণ

জানা গেছে, বাংলাদেশ ব্যাংকের নিয়োগ করা প্রশাসক দলের কার কী কাজ হবে, তা–ও সুনির্দিষ্ট করে দেওয়া হয়েছে। এর মধ্যে একজনকে প্রশাসক করে বাকিদের মধ্যে মানবসম্পদ, তথ্যপ্রযুক্তি, আর্থিক বিভাগ ও কার্যক্রম পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে। নিজ নিজ ক্ষেত্রে অভিজ্ঞ কর্মকর্তাদের পদায়ন করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের এসব কর্মকর্তা ব্যাংকগুলোর বিভিন্ন বিভাগের দায়িত্ব বুঝে নিয়ে ভবিষ্যতে একীভূত হওয়ার দিকে কীভাবে যাবে, তার পথনকশা তৈরি করবেন। এতে সহায়তা করবেন কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ের কর্মকর্তারা। এরপর নতুন ব্যাংক গঠন হলে সেই ব্যাংকটি পাঁচ ব্যাংকের সম্পদ, দায় ও জনবল অধিগ্রহণ করে নেবে। একীভূত করার পর অধিগ্রহণ কার্যক্রম সম্পন্ন হবে।

সংবাদ সম্মেলনে গভর্নর বলেন, একীভূত ব্যাংকটি হবে দেশের সবচেয়ে বড় ব্যাংক। এই ব্যাংকের আমানতকারীদের জমা রাখা অর্থ নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। ব্যাংকটি হবে সরকারি মালিকানাধীন, তবে পরিচালিত হবে বেসরকারিভাবে। ফলে কর্মীদের বেতন হবে বাজারভিত্তিক, আমানতকারীরাও মুনাফা পাবেন বাজারের হারে। এই প্রক্রিয়া সম্পন্ন করতে দুই বছরের বেশি সময় লাগতে পারে বলে জানান গভর্নর।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এই পাঁচ ব্যাংক একীভূত করে গঠন করা হবে সম্মিলিত ইসলামি ব্যাংক। সেটির মূলধন হবে ৩৫ হাজার কোটি টাকা। এর মধ্যে ২০ হাজার কোটি টাকা দেবে সরকার। আর আমানতকারীদের ১৫ হাজার কোটি টাকার শেয়ার দেওয়া হবে।

বাংলাদেশ ব্যাংক আজ সকালে ব্যাংক পাচটিকে চিঠি দিয়ে জানায়, এখন থেকে এসব ব্যাংক চলবে ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশের আওতায়। এ নিয়ে বিকেলে একটি প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

 

জনবলের কী হবে

একীভূত হতে যাওয়া পাঁচ ব্যাংকে বর্তমান ৭৫ লাখ আমানতকারীর জমা আছে ১ লাখ ৪২ হাজার কোটি টাকা। এর বিপরীতে ঋণ রয়েছে ১ লাখ ৯৩ হাজার কোটি টাকার। এই ঋণের মধ্যে ১ লাখ ৪৭ হাজার কোটি টাকা বা ৭৬ শতাংশই এখন খেলাপি।

সারা দেশে এসব ব্যাংকের ৭৬০টি শাখা, ৬৯৮টি উপশাখা, ৫১১টি এজেন্ট ব্যাংকিং আউটলেট এবং ৯৭৫টি এটিএম বুথ রয়েছে। ব্যাংকগুলোর মধ্যে সর্বোচ্চ ৯৮ শতাংশ ঋণই খেলাপি হয়ে পড়েছে ইউনিয়ন ব্যাংকের। এ ছাড়া ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ৯৭ শতাংশ, গ্লোবাল ইসলামীর ৯৫ শতাংশ, সোশ্যাল ইসলামীর ৬২ দশমিক ৩০ শতাংশ এবং এক্সিম ব্যাংকের ৪৮ দশমিক ২০ শতাংশ ঋণ এখন খেলাপি। ব্যাংকগুলোতে রয়েছে ১৫ হাজার জনবল।

সংবাদ সম্মেলনে আহসান এইচ মনসুর বলেন, পাঁচ ব্যাংকে জনবল যা আছে, তারা সবাই থাকবে। এসব ব্যাংকের শাখা কোথায় স্থানান্তর করা যায়, তা যাচাই করে দেখবে বাংলাদেশ ব্যাংক। কারও চাকরি যাবে না। ভবিষ্যতে একীভূত ব্যাংকের যাত্রা শুরু হলে তখন চাহিদা অনুযায়ী জনবল থাকবে।

 

 

কে কোন ব্যাংকের প্রশাসক

এক্সিম ব্যাংকের প্রশাসক হিসেবে দায়িত্ব নিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক শওকাতুল আলম। সোশ্যাল ইসলামী ব্যাংকের দায়িত্ব পেয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক সালাহ উদ্দিন। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের দায়িত্ব নিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মুহাম্মদ বদিউজ্জামান দিদার। গ্লোবাল ইসলামী ব্যাংকের দায়িত্ব নিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের পরিচালক মো. মোকসুদুজ্জামান। ইউনিয়ন ব্যাংকের দায়িত্ব নিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের আরেক পরিচালক মোহাম্মদ আবুল হাসেম। তাঁরা সবাই ব্যাংকগুলোতে গিয়ে দায়িত্ব নিয়েছেন।

 

 

পরের সরকার উপকৃত হবে

সামনে রাজনৈতিক সরকার এলে এই উদ্যোগ ব্যর্থ হবে কি না, এমন প্রশ্ন করা হলে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, ‘এসব ব্যাংকের যে আর্থিক অবস্থা, তাতে বোঝা যায়, তারা নিজের পায়ে দাঁড়ানোর সক্ষমতা হারিয়ে ফেলেছে। আমরা টাকা দিয়ে চালিয়ে রেখেছি। একীভূত করার উদ্যোগ বাস্তবায়ন হলে পরবর্তী সরকার উপকৃত হবে। এসব ব্যাংকের আমানতকারীদের চাপ নিতে হবে না। কোনো সরকার ভালো উদ্যোগ বাতিল করে না। এটা আমরা দীর্ঘদিন ধরে দেখে আসছি।