নিজস্ব প্রতিবেদকঃ ভোটের মাঠে ৮ দিন আইন-শৃঙ্খলা বাহিনী রাখার প্রস্তাব এসেছে বলে জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।
ভোটের সুষ্ঠু পরিবেশ রয়েছে, কোনো শঙ্কা প্রকাশ করেনি আইন-শৃঙ্খলা বাহিনী। আইন-শৃঙ্খলা বাহিনীর প্রধানরা কোনো উদ্বেগ প্রকাশ করেননি।
নির্বাচন কমিশনকে (ইসি) এবার ভোটের আগে ও পরে মোট আট দিন আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েনের প্রস্তাব দিয়েছে বিভিন্ন বাহিনী। সোমবার (২০ অক্টোবর) নির্বাচন ঘিরে প্রাক-প্রস্তুতিমূলক আইন-শৃঙ্খলা বৈঠক শেষে এ তথ্য জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে চার নির্বাচন কমিশনার বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠকে স্বরাষ্ট্র সচিব, ইসি সচিবসহ আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা অংশ নেন।
ইসি সচিব জানান, নির্বাচনের সময় মূলত পাঁচ দিনের ডেপ্লয়মেন্ট প্রোগ্রাম করা হয়। সেখানে এবার একটা প্রস্তাব এসেছে। এটা যেন আট দিন করা হয়। নির্বাচনের আগে তিনদিন, নির্বাচনের দিন এবং নির্বাচন পরবর্তীতে চারদিন। তো আমাদের ইনিশিয়াল প্রোগ্রামিং ছিল পাঁচ দিন। এখন প্রস্তাবনাটা আসছে আট দিন। এটা আমরা পরীক্ষা করে দেখব।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভোটের সুষ্ঠু পরিবেশ রয়েছে, কোনো শঙ্কা প্রকাশ করেনি আইন-শৃঙ্খলা বাহিনী। আইন-শৃঙ্খলা বাহিনীর প্রধানরা কোনো উদ্বেগ প্রকাশ করেননি। নিরাপত্তা পরিকল্পনার অনেক কিছু নির্বাচনে বাজেটের উপর নির্ভর করবে। বাজেট বরাদ্দের বিষয়টি পরে সিদ্ধান্ত হবে। বৈঠক থেকে কোনো ধরনের দিকনির্দেশনা দেয়া হয়নি বলেও জানান তিনি।
তিনি বলেন, আজকের মতবিনিময় সভার সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, সবগুলা বাহিনী তাদের নিজস্ব ব্যবস্থাপনায় নির্বাচনকে সামনে রেখে তাদের বাহিনীদেরকে প্রশিক্ষিত করার একটা কার্যক্রম গ্রহণ করেছেন। এখানে দুটো সুবিধা। একটা হচ্ছে যে তারা তাদের নিজস্ব বাহিনীর প্রয়োজনে প্রশিক্ষণটা দিচ্ছেন। পাশাপাশি নির্বাচনকে সামনে রেখে নির্বাচনকে আরো অর্থবহ করার যুক্তকর্তা এবং অবাধ করার জন্য যে প্রশিক্ষণটা সেটা করতেছেন।



