বিএনপিতে নানা অভিযোগে পদচ্যুত ও বহিষ্কৃত ৭ সহস্রাধিক নেতাকর্মী ঃ তারেক রহমান

131

ঢাকাঃ জাতীয় নির্বাচন সামনে রেখে বিএনপি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের লক্ষ্যে কাজ করছে। নানা অভিযোগের পরিপ্রেক্ষিতে এরই মধ্যে সাত হাজারের বেশি নেতাকর্মীকে পদচ্যুত কিংবা বহিষ্কার করা হয়েছে।

জাতীয় নির্বাচন সামনে রেখে বিএনপি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের লক্ষ্যে কাজ করছে। নানা অভিযোগের পরিপ্রেক্ষিতে এরই মধ্যে সাত হাজারের বেশি নেতাকর্মীকে পদচ্যুত কিংবা বহিষ্কার করা হয়েছে। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে গতকাল দেয়া এক পোস্টে এ তথ্য জানান।

নানা অভিযোগে এ সাংগঠনিক ব্যবস্থা নেয়া হয়েছে জানিয়ে তারেক রহমান বলেন, ‘দুর্নীতি, চাঁদাবাজি ও অসদাচরণের দায়ে কেউ পদচ্যুত হয়েছেন আবার অনেকেই বহিষ্কৃত হয়েছেন।’

ওই পোস্টে তারেক রহমান লেখেন, ‘শৃঙ্খলা কোনো দুর্বলতা নয়; বরং সেটিই আমাদের শক্তি। নিজেদের সদস্যদের দায়বদ্ধ করার মাধ্যমেই আবারো প্রমাণ হলো যে বিএনপি সততার ব্যাপারে আন্তরিক এবং আমরা ক্ষমতাসীনদের কাছে যেসব মানদণ্ড দাবি করি, নিজেদেরও ঠিক সেই একই মানদণ্ডে দাঁড় করাই।’

এভাবেই বিএনপি জনগণের, বিশেষ করে তরুণদের আস্থা পুনর্গঠন করতে চায় বলে জানান তারেক রহমান। সময়ের চাহিদা ও চ্যালেঞ্জ মোকাবেলায় বিএনপি সবসময়ই নিজেকে আধুনিকায়ন করেছে জানিয়ে পোস্টে তিনি আরো লেখেন, ‘আমরা জনগণের সঙ্গে সরাসরি সংযোগ ও যোগাযোগ আরো শক্তিশালী করছি। শিক্ষা, স্বাস্থ্যসেবা, তরুণদের কর্মসংস্থান, জলবায়ু পরিবর্তন এবং ডিজিটাল উদ্ভাবনের প্রতিশ্রুতিসহ ৩১ দফা কর্মসূচির ভিত্তিতে আমাদের নীতিমালা গড়ে উঠেছে। আমরা চাই অন্তর্ভুক্তিকে অগ্রাধিকার দিয়ে আরো বেশি নারী, তরুণ নেতা ও পেশাজীবীদের অংশগ্রহণ নিশ্চিত করা, যাতে জাতি আরো এগিয়ে যায় এবং রাজনীতি মানুষের সেবায় নিয়োজিত থাকে।’

বাংলাদেশের বর্তমান চ্যালেঞ্জগুলো আলাদা, তাই বিএনপির পদক্ষেপগুলো নতুনভাবে চিন্তানির্ভর হতে হবে বলে মনে করেন তারেক রহমান। নিজ ঐতিহ্যকে ধারণ করে বিএনপি শৃঙ্খলাবদ্ধ, ভবিষ্যৎমুখী ও আধুনিক বাংলাদেশ বিনির্মাণের পথযাত্রাকে অগ্রাধিকার দিচ্ছে বলে তিনি জানান। আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচন সামনে রেখে দেশের প্রত্যেক ভোটারের আস্থা নিশ্চিত করা বিএনপির লক্ষ্য বলেও জানান তিনি।