গুলশানের বাসায় খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

159

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার–উজ–জামান। আজ বৃহস্পতিবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবনে বিএনপি নেত্রীর সঙ্গে দেখা করে তাঁর স্বাস্থ্যের খোঁজ নেন সেনাপ্রধান। এ সময় সেনাপ্রধানের সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী বেগম সারাহনাজ কামালিকা রহমান।

 

Begum Khaleda Zia

ঢাকাঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে তার গুলশানের বাসভবনে গিয়েছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।আজ বৃহস্পতিবার দিবাগত রাতে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এই তথ্য জানিয়েছেন।

তিনি জানান, সেনাপ্রধান রাত সাড়ে ৮টার দিকে খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় যান। তিনি প্রায় ৪০ মিনিটের মতো সেখানে অবস্থান করেন এবং খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ-খবর নেন। সেনাপ্রধান দোয়া করেছেন বিএনপি চেয়ারপারসন যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন।

তিনি আরও জানান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মেজর জেনারেল (অব.) ফজলে এলাহি আকবর সেনাপ্রধানকে স্বাগতম জানিয়েছেন। এ সময় সেনাপ্রধানের সঙ্গে তার সহধর্মিণীও ছিলেন।

আওয়ামী লীগ সরকারের আমলে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে দুর্নীতির দুই মামলায় খালেদা জিয়াকে কারাদণ্ড দেওয়া হয়েছিল। তখন দুই বছরের বেশি সময় তিনি কারাবন্দী ছিলেন। ২০২০ সালের ২৫ মার্চ আওয়ামী লীগ সরকার নির্বাহী আদেশে খালেদা জিয়ার সাজা স্থগিত করে শর্ত সাপেক্ষে মুক্তি দেয়। এরপর ছয় মাস পরপর আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁর সাজা স্থগিত করে মুক্তির মেয়াদ বাড়াচ্ছিল তৎকালীন সরকার।

অসুস্থ খালেদা জিয়াকে বহুবার হাসপাতালে ভর্তি হতে হয়েছে। দিনের পর দিন তাঁকে হাসপাতালে কাটাতে হয়েছে। আওয়ামী লীগ সরকার তাঁকে বিদেশ যাওয়ার অনুমতি দেয়নি। পরে দেশি-বিদেশি চিকিৎসকদের তত্ত্বাবধানে তাঁর অস্ত্রোপচার দেশেই করা হয়। ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরদিন ৬ আগস্ট খালেদা জিয়াকে নির্বাহী আদেশে মুক্তি দেওয়া হয়।

৭৯ বছর বয়সী খালেদা জিয়া আর্থ্রাইটিস, হৃদ্‌রোগ, ফুসফুস, লিভার, কিডনি, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন।