ঢাকাঃ রাষ্ট্রবিজ্ঞানী ও লেখক আলী রীয়াজের নেতৃত্বে ৯ সদস্যের পূর্ণাঙ্গ সংবিধান সংস্কার কমিশন গঠন করেছে সরকার। সোমবার (৭ অক্টোবর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
বাংলাদেশ সরকার জনপ্রতিনিধিত্বশীল ও কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠা এবং জনগণের ক্ষমতায়নের উদ্দেশ্যে দেশের বিদ্যমান সংবিধান পর্যালোচনা ও মূল্যায়ন করে সংবিধান সংস্কারের লক্ষ্যে প্রয়োজনীয় সুপারিশসহ প্রতিবেদন প্রস্তুত করতে এ কমিশন গঠন করা হয়েছে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
কমিশনের সদস্যরা হলেন:
১. রাষ্ট্রবিজ্ঞানী ও লেখক অধ্যাপক আলী রীয়াজ (কমিশন প্রধান)।
২. ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক সুমাইয়া খায়ের (সদস্য)।
৩. বার-এট-ল ইমরান সিদ্দিকী (সদস্য)।
8. ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক মুহাম্মদ ইকরামুল হক (সদস্য)।
৫. বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ড. শরীফ ভূঁইয়া (সদস্য)।
৬. বার-এট-ল এম মঈন আলম ফিরোজী (সদস্য)।
৭. লেখক ফিরোজ আহমেদ (সদস্য)।
৮. লেখক ও মানবাধিকারকর্মী মো. মুস্তাইন বিল্লাহ (সদস্য)।
৯. শিক্ষার্থী প্রতিনিধি মো. মাহফুজ আলম (সদস্য)।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, কমিশন কার্যালয় সরকার নির্ধারণ করবে। কমিশনের প্রধান ও সদস্যরা সরকার নির্ধারিত পদমর্যাদা, বেতন/সম্মানি ও সুযোগ-সুবিধা পাবেন। তবে কমিশন প্রধান বা কোনো সদস্য অবৈতনিক হিসেবে দায়িত্ব পালন করতে চাইলে বা সুযোগ-সুবিধা নিতে না চাইলে, তা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অনুমোদন করতে পারবেন।
সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়/বিভাগ/দফতর/সংস্থা কমিশনের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সরবরাহসহ সব ধরনের সহযোগিতা দেবে। কমিশন প্রয়োজনে উপযুক্ত ব্যক্তিকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করতে পারবে। আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগ এ কমিশনকে সাচিবিক সহায়তা দেবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।



