নিউজ ডেস্কঃ ‘পৃথিবীর কোনো দেশের রাজধানীতেই ম্যানুয়াল ট্রাফিক ব্যবস্থা নেই’ বলেন, ডিএমপি কমিশনার। সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকার মূল সড়কে রিকশা বা ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাতে ডিএমপি হেডকোয়ার্টার্সে ঢাকা মহানগরীর ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিতকরণে ট্রাফিক বিভাগের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
সভায় ডিএমপি কমিশনার বলেন, “ঢাকা শহরে দুই কোটিরও বেশি মানুষের জন্য ট্রাফিক পুলিশ সদস্য রয়েছে চার হাজার। রাজধানীর ৩৩৯টি পয়েন্টে ট্রাফিক শৃঙ্খলা রক্ষার জন্য কঠোর পরিশ্রম করে যাচ্ছে ট্রাফিক বিভাগের প্রতিটি সদস্য। পৃথিবীর কোনো দেশের রাজধানীতেই ম্যানুয়াল ট্রাফিক ব্যবস্থা নেই। শুধু আমাদের দেশেই এই ব্যবস্থায় ট্রাফিক নিয়ন্ত্রণ করা হয়।”
সরকার পরিবর্তনের পর থেকে রাজধানীর রাস্তায় দাঁপিয়ে বেড়াচ্ছে ব্যাটারিচালিত রিকশা
ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান আরও বলেন, “যারা দোকানের মালামাল ফুটপাতের ওপর রেখে অবৈধভাবে ব্যবসা করে, তাদের আইনের আওতায় আনা হবে। ট্রাফিক পুলিশসহ ক্রাইম বিভাগকে নির্দেশ দেওয়া আছে ফুটপাত অবৈধভাবে দখলে রাখলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়ার জন্য।”
ঢাকার পুলিশ প্রধান আরও বলেন, “ট্রাফিক বিভাগে কর্মরত সবাইকে তৎপর থেকে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে। অন্যকে আইন মানানোর আগে নিজেদের আইন মেনে চলতে হবে।”
এ সময় ডিএমপির অতিরিক্ত কমিশনার (অ্যাডমিন) ফারুক আহমেদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) রেজাউল করিম মল্লিক, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) খোন্দকার নজমুল হাসান, যুগ্ম পুলিশ কমিশনার ও উপ-পুলিশ কমিশনারসহ ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিভিন্ন স্থানে সড়ক চলতে দেওয়া হচ্ছে না ব্যাটারিচালিত অটোরিকশা।সিটি কর্পোরেশনের অনুমোদন না থাকলেও ঢাকার অলিগলি থেকে শুরু করে প্রধান সড়ক সবখানেই অবাধে দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারিচালিত অটোরিকশা। ফলে সড়কে তৈরি হচ্ছে বিশৃঙ্খলা। তবে ইতোমধ্যে উচ্ছেদে অভিযান শুরু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকাল থেকে ঢাকার ধানমন্ডি-৩২, পান্থপথ ও রাসেল স্কয়ারসহ বিভিন্ন স্থানে সড়ক থেকে ব্যাটারিচালিত অটোরিশা সরিয়ে নেওয়া হচ্ছে।
এ বিষয়ে ডিএমপির রমনা ট্রাফিক বিভাগের সার্জেন্ট মোহাম্মদ ফরহাদ বলেন, “প্রধান সড়কে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও নগরীর রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল করায় গত কয়েকদিন ধরে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। আমরা প্রথমে তাদের প্রধান সড়কে চলাচল না করতে অনুরোধ করছি। তারা যদি আমাদের অনুরোধ না শুনে, আমরা রিকশা জব্দ করবো।”
ডিএমপির ট্রাফিক বিভাগের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন পথচারী ও নগরবাসী।