সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের আইডি কার্ড সার্বক্ষণিক দৃশ্যমান রাখার নির্দেশ

21
নিজস্ব প্রতিনিধিঃ স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রশাসনের কেন্দ্রবিন্দু বাংলাদেশ সচিবালয়ে প্রবেশ ও অবস্থানকালে কর্মকর্তা-কর্মচারীদের প্রবেশ কার্ড (আইডি কার্ড) সার্বক্ষণিক দৃশ্যমান রাখার নির্দেশনা দিয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এমন নির্দেশনা দিয়ে সব মন্ত্রণালয় ও বিভাগের সচিবের কাছে চিঠি পাঠিয়ে তা বাস্তবায়নের অনুরোধ করা হয়েছে।

 

এতে বলা হয়, সচিবালয়ের অভ্যন্তরে নিরাপত্তা ব্যবস্থা জোরদারকরণ, প্রবেশাধিকার নিয়ন্ত্রণ এবং সার্বিক শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে সচিবালয়ে প্রবেশ ও অবস্থানকালে সংশ্লিষ্ট সব কর্মকর্তা/কর্মচারীকে তাদের সচিবালয় প্রবেশ কার্ড (আইডি কার্ড) দৃশ্যমান স্থানে প্রদর্শন করা প্রয়োজন। সচিবালয়ে স্থায়ী, অস্থায়ী, মিটিংয়ে আসা ও ওটিপির মাধ্যমে অনেক দর্শনার্থী প্রবেশ করেন।

 

সচিবালয়ে আইডি কার্ড সার্বক্ষণিক দৃশ্যমান রাখার নির্দেশ
 

বর্তমানে প্রধানমন্ত্রী প্রতিদিন সচিবালয়ে অফিস করায় এর অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে আইডি কার্ড প্রদর্শন করা একান্ত প্রয়োজন। 

চিঠিতে সচিবালয়ে প্রবেশ ও অবস্থানকালে সচিবালয়ে কর্মরত কর্মকর্তা/কর্মচারীদের আবশ্যিকভাবে সচিবালয় প্রবেশ কার্ড (আইডি কার্ড) সার্বক্ষণিক দৃশ্যমান রাখার জন্য নিজ নিজ মন্ত্রণালয়/বিভাগে কর্মরত কর্মকর্তা/কর্মচারীদের নির্দেশনা দেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়।

 

এর আগে গত ২৭ অক্টোবর সচিবালয়ে দর্শনার্থী প্রবেশ নিয়ন্ত্রণ সংক্রান্ত নির্দেশনায় বলা হয়, সচিবালয়ের নিরাপত্তা নিশ্চিত করা ও দর্শনার্থীদের কার্যক্রম সুষ্ঠভাবে পর্যবেক্ষণ এবং তদারকি করতে সচিবালয়ে দর্শনার্থী প্রবেশ নিয়ন্ত্রণ করা প্রয়োজন। পরিপ্রেক্ষিতে সচিবালয়ে দর্শনার্থী প্রবেশ নিয়ন্ত্রণ করার জন্য চার দফা নির্দেশনা বাস্তবায়নের অনুরোধ করা হয়।

 

সেগুলো হলো- সোম ও বৃহস্পতিবার দর্শনার্থী প্রবেশ বন্ধের তারিখগুলোতে সচিবালয়ের বাইরের অফিসের সঙ্গে সভার সংখ্যা যথাসম্ভব সীমিত রাখা, বর্তমানে দর্শনার্থী প্রবেশের সময় ১২টার পরিবর্তে ২টা নির্ধারণ করায় সে অনুযায়ী ওটিপি দেওয়া, সাধারণ দর্শনার্থীদের সপ্তাহে একটির বেশি ওটিপি না দেওয়া, ছুটিতে গমণকারী কর্মকর্তাদের উক্ত সময়ের জন্য তাদের ওটিপি দেওয়া বন্ধ রাখা।