বাংলাদেশ নিয়ে বেশি কথা বলা ঠিক হবে না: শশী থারুর

169

বাংলাদেশ ইস্যুতে ভারতের খুব বেশি মাথা ঘামানো উচিৎ নয় বলে মন্তব্য করেছেন ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী শশী থারুর। রাষ্ট্রদ্রোহের মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করায় উদ্বেগ জানালেও এই ইস্যুতে বেশি উচ্চবাচ্য করতে রাজি নন তিনি।

শশী থারুর

 

আন্তর্জাতিক ডেস্কঃ বাংলাদেশে চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের ঘটনায় ভারতের বেশি কথা বলা ঠিক হবে না বলে জানিয়েছেন ভারতের কংগ্রেস নেতা ও সংসদ সদস্য শশী থারুর।  গতকাল ভারতের সংবাদমাধ্যম এএনআইকে তিনি একথা জানান।

শশী থারুর বলেন, ‘আমাদের এটি নিয়ে খুব বেশি কথা বলা ঠিক হবে না কারণ বিষয়টি আমাদের দেশের সঙ্গে সংশ্লিষ্ট নয়।’

এসময় চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের পর প্রতিবেশী দেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানান তিনি।

আগামী ১১ ডিসেম্বর তার নেতৃত্বাধীন ভারতীয় পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটি বাংলাদেশ ইস্যুতে বৈঠক আহ্বান করেছে। এ বিষয়ে ভারতীয় বার্তা সংস্থা এএনআই’র সঙ্গে আলাপে তিনি বলেছেন, ‘ভারত সরকার যদি এ বিষয়ে কথা বলতে চান, তাহলে এস জয়শঙ্করের (ভারতের পররাষ্ট্রমন্ত্রী) সংসদে কথা বলা উচিৎ। আমরা বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে জানতে বৈঠক ডেকেছি।’

তবে বাংলাদেশ ইস্যুতে ভারতের খুব বেশি উচ্চবাচ্য করা নয় বলে মনে করছেন শশী থারুর, ‘তবে যেহেতু এটা আমাদের দেশের সঙ্গে সম্পর্কিত নয়, তাই এই বিষয়ে আমাদের খুব বেশি কথা বলা উচিৎ হবে না।’

প্রসঙ্গত, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে লাগাতার উদ্বেগ জানিয়ে এসেছে ভারত। বাংলাদেশ বারবার সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে ভারতকে আশ্বস্ত করেছে।